‘ট্র্যাজিক হিরো’ তকমাও নয় গুরবাজের জন্য যথেষ্ট

গুরবাজের ভাগ্যটা ততটাও সহায় হল না। তিনি পরাজিত সৈনিক হয়েই ফিরলেন চোখ জোড়া আলো থেকে লুকিয়ে। কিন্তু তার তো বরং বীরদর্পে মাথা উঁচু করেই মাঠ ছাড়ার কথা। 

টানা তিন ছক্কা। দ্বিতীয় সুপার ওভারেও রহমানুল্লাহ গুরবাজ দেখালেন মুন্সিয়ানা। আর একটি ছক্কাই তাকে হাঁকাতে হতো, তাহলেই সৃষ্টি হতো এক অবিস্মরণীয় স্মৃতির রঙিন চিত্র। কিন্তু না, গুরবাজের ভাগ্যটা ততটাও সহায় হল না। তিনি পরাজিত সৈনিক হয়েই ফিরলেন চোখ জোড়া আলো থেকে লুকিয়ে। কিন্তু তার তো বরং বীরদর্পে মাথা উঁচু করেই মাঠ ছাড়ার কথা।

রোমাঞ্চের এভারেস্ট চড়া ম্যাচে, গুরবাজ আগাগোড়া আফগানিস্তানের জন্য লড়ে গেছেন। সংগ্রাম, ক্লান্তি আর এক সমুদ্র আক্ষেপ সঙ্গী হয়েছে তার, সেই সাথে পরাজয়ের গ্লানি। কিন্তু হতেই তো তিনি পারতেন এক অসম্ভব যুদ্ধ জয়ের সেনানী। যে যাত্রা তিনি শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রান তাড়ার আদিলগ্ন থেকে।

দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টিতে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান। তিনটি ভিন্ন বিশ্বকাপেই স্রেফ এই দুই দলের হয়েছে মোলাকাত। সেই তিন ম্যাচের পাল্লাই ঝুকে আছে দক্ষিণ আফ্রিকার দিকে। চতুর্থ জয় কিংবা আফগানিস্তানের প্রথম, এমন সমীকরণের ম্যাচে আহমেদাবাদে প্রোটিয়ারা ছুড়ে দিল ১৮৮ রানের বেশ বড়সড় লক্ষ্যমাত্রা।

সেই লক্ষ্যমাত্রা টপকাতে হলে শুরুতেই প্রয়োজন আগ্রাসন। দলের চাহিদার ষোলআনা পূর্ণ করতে চাইলেন রহমানুল্লাহ গুরবাজ। স্রেফ ৪২ বলে নিজের নামের পাশে যুক্ত করলেন ৮৪ রান। ২০০ স্ট্রাইকরেটের ইনিংসটি সুসজ্জিত সাতটি ছক্কা ও চারটি চারের আঁকিবুঁকিতে। তিনি একাই তো প্রায় অর্ধেক রান করে দিলেন। তার তৈরি করে দেওয়া পাটাতনের উপর দাঁড়িয়ে বাকিদের স্রেফ ম্যাচটা জেতাতে হতো।

তবে গুরবাজ হয়ত দোষটা নিজেকেই দেবেন। তিনি থেকে এলেই তো ম্যাচ আর গড়াতো না সুপার ওভারে। তাইতো দায়মোচনের আপ্রাণ চেষ্টা করলেন তিনি দ্বিতীয় সুপার ওভারে। একই ম্যাচে বিশ্বকাপে দুই দুইটি সুপার ওভার! এমন স্নায়ুযুদ্ধে, আফগানদের প্রয়োজন ছিল চার ছয়।

মোহাম্মদ নবী আউট হওয়ার পর, বাইশ গজে আসেন গুরবাজ। সমীকরণ তখন চার বলে চার ছক্কা হাঁকানো। অসাধ্য সাধনের পথে হাটলেন রহমানুল্লাহ গুরবাজ। পরপর তিন বলে হাঁকালেন তিন ছক্কা। এরপর একটা ওয়াইডও ছিল। শেষ বলে আর একটিমাত্র আকাশে ভাসা বাউন্ডারি এলেই তো এক রুপকথার মহানায়ক বনে যেতে পারতেন গুরবাজ। কিন্তু তিনি হলেন ‘ট্র্যাজিক হিরো’।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link