পরাগের নেতৃত্বে রয়্যালসের নতুন রাজকীয় অভিযান

এবারের বসন্ত রাজস্থান রয়্যালসের জন্য কেবল একটি নতুন মৌসুম নয়, বরং এক আমূল পরিবর্তনের বারতা। ২০০৮ এর সেই রূপকথার পর কেটে গেছে দীর্ঘ সময়। স্মৃতির ধুলো ঝেড়ে 'হল্লা বোল' স্লোগানকে নতুন সার্থকতা দিতে এবার এক সম্পূর্ণ ভিন্ন আবহে মাঠে নামছে পিঙ্ক আর্মি। 

ক্রিকেটের নন্দনকাননে আবারও শুরু হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রাজকীয় মহোৎসব। তবে এবারের বসন্ত রাজস্থান রয়্যালসের জন্য কেবল একটি নতুন মৌসুম নয়, বরং এক আমূল পরিবর্তনের বার্তা। ২০০৮ এর সেই রূপকথার পর কেটে গেছে দীর্ঘ সময়। স্মৃতির ধুলো ঝেড়ে ‘হাল্লা বোল’ স্লোগানকে নতুন সার্থকতা দিতে এবার এক সম্পূর্ণ ভিন্ন আবহে মাঠে নামছে পিঙ্ক আর্মি।

রাজস্থান ক্রিকেটের দীর্ঘদিনের সারথি সাঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের ডেরায় পাঠিয়ে দিয়ে এক অভাবনীয় ট্রেড সম্পন্ন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। বিনিময়ে দলে এসেছেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা। তবে সবচাইতে বড় চমক তরুণ রিয়ান পরাগের অধিনায়কত্ব। সমালোচনার ঝড় সামলে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করা পরাগের হাতে এখন রাজকীয় রাজদণ্ড।

রাজস্থানের ব্যাটিংয়ের মূল শক্তি তাদের টপ অর্ডার। গত মৌসুমে রাজস্থানের পাওয়ারপ্লে রান রেট- ১০.৮৮ ছিল ঈর্ষণীয়।  সেই ধারা বজায় রাখতে ওপেনিংয়ে থাকছেন বিধ্বংসী যশস্বী জয়সওয়াল। তবে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন ১৫ বছর বয়সী ব্যাটিং বিস্ময় বৈভব সুরিয়াভানশি। একদিকে জয়সওয়ালের পরিপক্কতা আর অন্যদিকে বৈভবের কাঁচা হাতের নিখুঁত স্ট্রোকপ্লে, সব মিলিয়ে ওপেনিং জুটিতেই প্রতিপক্ষকে কুপোকাত করতে চায় রয়্যালস।

গত মৌসুমে রাজস্থানের প্রধান দুর্বলতা ছিল মাঝের ওভারগুলোতে উইকেট নিতে না পারা। সাত থেকে ১৫ ওভারে রাজস্থানের বোলিং গড় ছিল আকাশচুম্বী প্রায় ৫০! এই ক্ষত সারাতে দলে যুক্ত হয়েছেন রবীন্দ্র জাদেজা ও রবি বিষ্ণোই। সাওয়াই মানসিং স্টেডিয়ামের শুষ্ক উইকেটে এই স্পিন জুটি প্রতিপক্ষের জন্য মরণফাঁদ হয়ে উঠতে পারে। তবে সবচাইতে দুশ্চিন্তার খবর চোঁটের কারণে পুরো আসরের জন্যে স্যাম কারানকে হারানো।

পেস আক্রমণের দিকে দৃষ্টিপাত করলে, জোফরা আর্চারের প্রত্যাবর্তন যেন মেঘ না চাইতেই জল। আর্চারের গতি আর সুশান্ত মিশ্রর ডেথ ওভারের কারিশমা এবার রয়্যালসদের বোলিং ইউনিটে ভারসাম্য এনেছে। সেই সাথে রয়েছেন চেন্নাইয়ের উইকেট টেকিং বোলার তুষার দেশপান্ডে। দক্ষিণ আফ্রিকার নান্দে বার্গারও আছেন এই ইউনিটে।

আগামী ৩০ মার্চ গুয়াহাটির বারসাপাড়া স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হয়ে নিজেদের অভিযান শুরু করবে রয়্যালস। অতীত বিসর্জন দিয়ে নতুন সংকল্পে গড়া এই দলটি কি পারবে ট্রফিটা আবার জয়পুরের প্রাসাদে ফিরিয়ে আনতে?

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link