এক কোটি রুপি বেশিতে, রিশাদ এখন রাওয়ালপিন্ডিতে

বাংলাদেশি অর্থের হিসেবে রিশাদের পারিশ্রমিক দাড়াচ্ছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার মত। যা গতবারের তুলনায় বেশি।

রিশাদ হোসেন পেলেন তিন কোটি রুপি। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আগামী মৌসুমে নতুন দলের জার্সিতে দেখা যাবে রিশাদকে। নিলাম হওয়ায় গতবারের তুলনায় বেশি পারিশ্রমিকে এবার পিএসএল মাতাতে চলেছেন রিশাদ। জম্পেশ লড়াই শেষে রিশাদকে দলে ভেড়াতে সক্ষম হয় নতুন ফ্রাঞ্চাইজির অধীনস্ত রাওয়ালপিন্ডি।

পাকিস্তান সুপার লিগের নিলামে যে রিশাদকে নিয়ে একটা লড়াই হবে, সেটা অনুমিত ছিল। কেননা লাহোর কালোন্দার্সের চ্যাম্পিয়নশীপ যাত্রায় তিনিও যে ছিলেন অন্যতম সেনানী। লাহোরের জার্সিতে সাত ম্যাচ খেলে ১৩টি উইকেট বাগিয়ে নিয়েছিলেন তিনি। এরপর সদ্যই অস্ট্রেলিয়ান বিগব্যাশেও দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।

হোবার্ট হারিকেন্সের হয়ে ১২ ম্যাচে ১৫ উইকেট বাগিয়েছেন। নিয়ন্ত্রিত বোলিংয়ের দলের পক্ষে ব্রেকথ্রু এনে দিয়েছেন। প্রশংসা কুড়িয়েছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তিদের কাছ থেকে। এমন একজন বোলারকে নিতে কেই-বা না চাইবে। সকলের ধারণা ছিল তার সাবেক দল লাহোর কালান্দার্স শুরু করবে নিলামের লড়াই।

কিন্তু ঘটেনি তেমনটি। পিএসএল নিলামে রিশাদের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপি। তার নাম তোলার পরে সবার আগে আগ্রহ প্রকাশ করে রাওয়ালপিন্ডি। এরপর সেই দ্বৈরথে যুক্ত হয় করাচি কিংস। এই দুই দলের মধ্যেই চলতে থাকে দর হাঁকানোর লড়াই। একটা পর্যায়ে করাচি কিংস হার মেনে নেয়।

ততক্ষণে গেল আসরের পারিশ্রমিক ছাপিয়ে গেছে রিশাদের মূল্য। শেষ অবধি তিন কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে রিশাদ খেলবেন রাওয়ালপিন্ডির হয়ে। বাংলাদেশি অর্থের হিসেবে তার পারিশ্রমিক দাড়াচ্ছে প্রায় ১ কোটি ৩২ লাখ টাকার মত। যা গতবারের তুলনায় বেশি। গতবার ড্রাফট নিয়মে ডায়মন্ড ক্যাটাগরিতে ছিলেন রিশাদ। যার ফলে দুই কোটি পাকিস্তানি রুপিতে তাকে দলে নিয়েছিল লাহোর কালান্দার্স।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link