অনুমতি ছাড়াই অতিথি প্রবেশ করায় প্রশ্নবিদ্ধ রাজা

একের পর এক নেতিবাচকতায় বিধ্বস্ত লাহোর কালান্দার্স। ফখর জামানের বল টেম্পারিংয়ের পর, এবার সিকান্দার রাজার বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলা ভঙ্গের গুরতর অভিযোগ।

একের পর এক নেতিবাচকতায় বিধ্বস্ত লাহোর কালান্দার্স। ফখর জামানের বল টেম্পারিংয়ের পর, এবার সিকান্দার রাজার বিরুদ্ধে উঠেছে শৃঙ্খলা ভঙ্গের গুরতর অভিযোগ। পাকিস্তান সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি রয়েছে ভীষণ বিপাকে। হেরেছে নিজেদের প্রথম দুই ম্যাচ। তার উপর খেলোয়াড়দের শৃঙ্খলা বহির্ভূত আচরণ দলের ভেতরকার পরিস্থিতি ঘোলাটে করে তুলছে।

পাঞ্জাব পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, আইন ও নিষেধাজ্ঞা অমান্য করে সিকান্দার রাজা চারজন বিশেষ অতিথিকে প্রবেশ করান টিম হোটেলে। তাকে সহয়তা করেন লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদিও। যেখানে শৃঙ্খলা কমিটির আপত্তি ছিল, তারা দুই দফা সিকান্দার রাজার অনুরোধ প্রত্যাখ্যান করে দেন।

যদিও সিকান্দার রাজা নিজের পক্ষে সাফাই গেয়েছেন। করাচি কিংসের বিরুদ্ধে রোমাঞ্চকর এক ম্যাচে লাহোর হেরেছে। সেই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রাজা তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে বলেন, ‘শাহীন কাউকে বাধ্য করেনি। বরং এটি আমার অনুরোধ ছিল, কারণ অতিথিরা আমার আত্মীয়-স্বজন ও বন্ধু। গত চার বছর ধরে আমার পরিবার বা আত্মীয়দের সাথে দেখা করার ক্ষেত্রে কোনো বাধা ছিল না। যদি এসওপি পরিবর্তন হয়ে থাকে, তবে আমি বা শাহীন কেউই সে সম্পর্কে জানতাম না।’

তবে পাঞ্জাব পুলিশের বরাত দিয়ে জানানো হয়েছে অতিথি প্রবেশের অনুরোধে দুইবার নিষেধ করা হয়েছিল তাদের। প্রথমে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার অনুমতি চেয়েছিলেন, কিন্তু পিসিবির নিরাপত্তা ও দুর্নীতিবিরোধী কর্মকর্তা সেই অনুমতি প্রত্যাখ্যান করেন। এরপর ফ্রাঞ্চাইজিটির মালিকও একই অনুরোধ করেন। কিন্তু সেবারও তাদেরকে নিরাপত্তার বিষয়টি উল্লেখপূর্বক প্রত্যাখ্যান করা হয়।

কিন্তু তাতেও থেমে থাকেননি সিকান্দার রাজা। শাহীন শাহ আফ্রিদির হস্তক্ষেপে রাত সাড়ে ১০টা থেকে একটা ১০ অবধি রাজার সেই অতিথিরা অবস্থান করেন টিম হোটেলে। এমন শৃঙ্খলা বহির্ভূত কার্যক্রম দলটির প্রতি সন্দেহের মাত্রা বাড়াচ্ছে। তাতে করে চাপ বাড়ছে দলের প্রতিটি খেলোয়াড়ের উপর। পাশাপাশি পরাজয়ের বৃত্তে ক্রমশ তলিয়ে যাচ্ছে। পরিস্থিতি এমন চলতে থাকলে লাহোর কালন্দার্সের কপালে ট্রফি তো দূরে থাক জুটতে পারে আরও নেতিবাচকসব কালিমা।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link