রিশাদ হোসেন, ডেথ ওভার স্পেশালিস্ট লেগ স্পিনার!

রিশাদ হোসেন প্রতিনিয়ত নিজের সক্ষমতাকে আরেকধাপ উপরে নিয়ে যাচ্ছেন। ডেথ ওভারেও তিনি দেখাচ্ছেন মুন্সিয়ানা। যার শুরুটা অবশ্য হয়েছিল বিগ ব্যাশ থেকে।

রিশাদ হোসেন প্রতিনিয়ত নিজের সক্ষমতাকে আরেকধাপ উপরে নিয়ে যাচ্ছেন। ডেথ ওভারেও তিনি দেখাচ্ছেন মুন্সিয়ানা। যার শুরুটা অবশ্য হয়েছিল বিগ ব্যাশ থেকে। হোবার্ট হারিকেন্স ডেথ ওভারেও ব্যবহার করেছিল রিশাদকে। এবার সেই ধারায় বাংলাদেশ জাতীয় দল তার উপর রেখেছিল ভরসা। প্রতিদান হিসেবে তিনখান উইকেট বাগিয়ে নিয়েছেন রিশাদ হোসেন।

সাধারণত ডেথ ওভারে স্পিনারদের বোলিংয়ে চল নেই। পারতপক্ষে স্পিনারদেরকে দিয়ে অধিনায়করা ইনিংসের শেষের দিকে বোলিং করাতে চান না। একান্তই যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আঁটসাঁট লাইনলেন্থে বোলিং করতে পারেন এমন স্পিনারদেরকেই ব্যবহার করা হয়। রিশাদের মত ফ্লাইট দেওয়া, স্পিন করাতে চাওয়া বোলারদের ব্যবহার করার নজির একেবারেই নেই।

কিন্তু রিশাদের উপর ভরসা করা যায়। সেই ভরসা তিনিই অর্জন করেছেন। বিগ ব্যাশে প্রথম দুই ওভারে রান খরচা করার পর, ডেথের দুই ওভারে টাইট বোলিং কিংবা উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে ফেলেছেন রিশাদ। একই ঘটনা মঞ্চস্থ করেছেন তিনি পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে।

প্রথম ওয়ানডেতে খুব বেশি বোলিং রিশাদকে করতে হয়নি। দলের পেসারদের দুর্ধর্ষ পারফরমেন্সের কারণে রিশাদকে আর বোলিংয়ে প্রয়োজন হয়নি। কিন্তু এদিন প্রয়োজন ঠিকই মিটিয়েছেন রিশাদ। ৪০ থেকে ৪৮ এই সময়ের মধ্যে রিশাদ ওভার করেছেন চার ওভার। ওই চার ওভারে পাকিস্তানের লেজের দিকের ব্যাটারদের দ্রুত গুটিয়ে দিয়েছেন রিশাদ।

হুসেন তালাত, শাহীন শাহ আফ্রিদি ও মোহাম্মদ ওয়াসিমের উইকেট গিয়েছে রিশাদের ঝুলিতে। তাতে করে ২৭৪ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। শেষের দিকে এই উইকেটগুলো একটু লম্বা সময় টিকে গেলেই সংগ্রহ ছাড়িয়ে যেত ৩০০ রানের গণ্ডি। কিন্তু সে কাজটা রিশাদ হতে দেননি।

এই যে রিশাদকে এখন ভরসা করা যায়, ডেথ ওভারেও সাহস রেখে বল হাতে তুলে দেওয়া যায়- এই প্রতিটি বিষয় রিশাদ নিজ যোগ্যতায় অর্জন করে নিয়েছেন। প্রতি নিয়ত দলের ভীষণ গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়ে উঠছেন। ডেথ ওভারেও একজন লেগ স্পিনার বনে যেতে পারেন গেম চেঞ্জার- তা প্রমাণ করাই এখন রিশাদের মূল চ্যালেঞ্জ।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link