চলমান আইপিএলে রাজস্থান রয়্যালসের ডাগ আউট যেন বিতর্ক তৈরির কারখানা। এবার ড্রেসিংরুমের চার দেয়ালের মাঝে নিষিদ্ধ ভ্যাপিং সেবনের কান্ডে ধরা পড়লেন অধিনায়ক রিয়ান পরাগ। ব্রডকাস্টিং ক্যামেরায় ধরা পড়া এই বিতর্কিত চিত্র মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোর বেগে ছড়িয়ে পড়ে।
পাঞ্জাব কিংসের দেওয়া রান তাড়া করতে নেমে রাজস্থান যখন জয়ের লক্ষ্যে এগোচ্ছিল, ঠিক ১৬তম ওভারে টেলিভিশনের পর্দায় ফুটে ওঠে এক বিতর্কিত মুহূর্ত। দেখা যায়, সতীর্থ যশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলের পাশেই বেশ নির্ভার ভঙ্গিতে ইলেকট্রনিক সিগারেট বা ‘ভ্যাপ’ টানছেন পরাগ।
নিয়ম অনুযায়ী স্টেডিয়াম বা ড্রেসিংরুমের মতো সংরক্ষিত এলাকায় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। সেখানে খোদ অধিনায়কের এমন আচরণে ক্রিকেটপ্রেমীদের মাঝে বিস্ময় ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

পরাগের এই কাণ্ড কেবল নিয়মের লঙ্ঘনই নয়, বরং দেশের প্রচলিত আইনের পরিপন্থী। ২০১৯ সালের ‘প্রোজিবিশন অফ ইলেকট্রনিক সিগারেট অ্যাক্ট’ অনুযায়ী ভারতে ই-সিগারেট উৎপাদন, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
এই আইন ভঙ্গের দায়ে জেল কিংবা বড় অঙ্কের জরিমানার বিধান রয়েছে। যেখানে একজন পেশাদার অ্যাথলেট হিসেবে তরুণ প্রজন্মের আইকন হওয়ার কথা, সেখানে এমন নিষিদ্ধ বস্তুর সান্নিধ্য তার পেশাদারিত্বের ওপর বড় প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ ধরণের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় নমনীয়তা দেখানোর পাত্র নয়। বোর্ড সূত্র থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও অধিনায়ককে খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক জবাবদিহি করতে হতে পারে।

রাজস্থান রয়্যালসের জন্য এই মৌসুম যেন বিতর্কের এক চোরাবালি। এর আগে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের দায়ে দলের ম্যানেজার রোমি ভিন্দারকে জরিমানা ও সতর্কবার্তা দিয়েছিল বিসিসিআই। সেই রেশ কাটতে না কাটতেই খোদ অধিনায়কের এই ভ্যাপিং কাণ্ড রাজস্থান শিবিরের ভাবমূর্তিকে নতুন করে সংকটের মুখে ফেলল।











