ইসলামাবাদকে ডোবাতে গিয়ে ভাগ্য খুলল সুলতানদের

যে ওপেনার এখন বাইশ গজে রানের তুবড়ি ছোটাচ্ছেন, খোদ ফ্র্যাঞ্চাইজি মালিকের দাবি - দলে তার অন্তর্ভুক্তি ছিল স্রেফ একটি দুর্ঘটনা।

​ক্রিকেট মাঠে অনেক সময় হিসাব-নিকেশের চেয়ে ভাগ্য বড় হয়ে ধরা দেয়। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৬ আসরে মুলতান সুলতানসের হয়ে সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ফর্ম তেমনই এক রোমাঞ্চকর গল্পের জন্ম দিয়েছে। যে ওপেনার এখন বাইশ গজে রানের তুবড়ি ছোটাচ্ছেন, খোদ ফ্র্যাঞ্চাইজি মালিকের দাবি – দলে তার অন্তর্ভুক্তি ছিল স্রেফ একটি দুর্ঘটনা।

সম্প্রতি এক অনলাইন আলোচনায় মুলতান সুলতানসের মালিক গোহর শাহ এক বিস্ফোরক তথ্যের অবতারণা করেন। তার মতে, সাহিবজাদা ফারহানকে দলে নেওয়ার কোনো প্রাথমিক পরিকল্পনা ফ্র্যাঞ্চাইজিটির ছিল না।

ঘটনাটি ঘটেছিল নিলামের টেবিলে। তখন দলটির নাম ছিল মুলতান সুলতান্স এবং এর নেপথ্যে কাজ করছিল হাসান চিমার নেতৃত্বাধীন থিঙ্ক-ট্যাঙ্ক। গোহর শাহ জানান, মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ইসলামাবাদ ইউনাইটেডের বাজেট বা ‘পার্স’ কমিয়ে দিতে এবং তাদের পরিকল্পনায় ব্যাঘাত ঘটাতে হাসান চিমা ফারহানের দাম বাড়িয়ে দিচ্ছিলেন।

কিন্তু বিডিং যুদ্ধের এক পর্যায়ে ফারহানকে নিজেদের দলেই টেনে নিতে বাধ্য হয় শিয়ালকোট (বর্তমান মুলতান)। এই ‘অনিচ্ছাকৃত’ বা দুর্ঘটনাজনিত সিদ্ধান্তই যে দলের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়াবে, তা হয়তো তখন কেউ ভাবেনি।

দলে আসাটা দুর্ঘটনা হলেও মাঠের পারফরম্যান্সে সাহিবজাদা ফারহান এখন অপরিহার্য এক নাম। গত কয়েক বছর ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে তার যে উত্থান, তা বিস্ময়কর। পিএসএলে হায়দ্রাবাদ কিংসম্যানের দেওয়া ২২৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে গিয়ে ফারহান খেলেছেন ১০৬ রানের এক অপরাজিত মহাকাব্যিক ইনিংস। এটি টি-টোয়েন্টি ফরম্যাটে তার নবম সেঞ্চুরি।

এবারের আসরে এখন অবধি পাঁচ ইনিংসে ব্যাট করতে নেমে ৫৮ গড়ে ২৩২ রান সংগ্রহ করেছেন ফারহান। স্ট্রাইরেট ছাড়িয়ে গেছে ১৮০! সেই সুবাদে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়ও সবার উপরেই রয়েছে এই বিধ্বংসী ব্যাটারের নাম।

২০১৮-১৯ মৌসুমে অভিষেক হওয়ার পর করাচি কিংস ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই ওপেনার। গত বছর নিলামে অবিক্রিত থাকলেও আজ তিনি পিএসএলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link