১৬ বছরের এক কিশোরকে কুর্নিশ জানাচ্ছেন সয়ং বিরাট কোহলি। নিশ্চয়ই এমনি এমনি নয়। তবে সময়ে স্রোতের ধারা সেই কিশোর সরফরাজ খানকে ভাসিয়ে নিয়ে গেছে অনেক দূরে। হারিয়ে গিয়েছিলেন। তবে চেন্নাই সুপার কিংসের জার্সিতে যেন ফিরে এলেন নতুন রূপে। তবে কি প্রতিভার বীজ এতদিনে পরিণত হল সুমিষ্ট ফলে।
যে দলটির হাত ধরে আলোয় এসেছিলেন সরফরাজ, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষেই মাঠে নামলেন, ঝড় তুললেন ব্যাট হাতে। বিরাট কোহলি এখন তাঁর প্রতিপক্ষ, তাঁর সামনেই নিজের সক্ষমতার ঝলক দেখালেন।
২৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চেন্নাইয়ের ব্যাটিং অর্ডার যখন তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল তখনই বুক চেতিয়ে দাঁড়িয়ে গেলেন সরফরাজ খান। প্রতিপক্ষ বোলাররা যখন চেপে ধরেছে সেই চাপের দেয়াল ভেঙে প্রতিআক্রমণ চালালেন। ২৫ বলে ৫০ রানের ঝাঝালো এক ইনিংস এলো ব্যাট থেকে। ভয়ডরহীন, আত্মবিশ্বাসে ভরা।

এর ঠিক আগের ম্যাচেই ১২ বল থেকে এসেছিল, ৩২ রানের ইনিংস। নিজেদের খেলা প্রথম ম্যাচে ১৭ রান করেছিলেন ওই ১২ বল থেকেই। তবে কি ২৮ বছরে এসে নিজেকে খুঁজে পেয়েছেন সরফরাজ?
আলোড়ন তলে টি-টোয়েন্টি জামানায় পরিচিত পাওয়া সরফরাজ অবশ্য মাঝের সময়টাতে নিজেকে তৈরি করেছিলেন টেস্টের জন্য। সেটাও পূর্ণতা পায়নি। গেল দুই বছরে আইপিএলের একটা ম্যাচও খেলা হয়নি সরফরাজের। যেন খসে পড়া নক্ষতের মতোই তাঁর পতনের গল্প লেখা হয়েছে।
তবে হারিয়ে যেতে যে তিনি আসেননি, নিজের ভেতরে প্রতিভা নামক পদার্থ আছে তাঁর। সেটাই যে এখন নতুনভাবে সামনে এনেছে সরফরাজকে। কে জানে, হয়তো আইপিএলের এ আসর শেষে ফের আলোয় আসবেন তিনি। অপূর্ণতাকে সত্যিকার অর্থেই এবার পূর্ণতা দেবেন হয়তো।

Share via:











