বাংলাদেশের মানুষ তোমাদের শ্রীলঙ্কাকে পছন্দ করে না কেন? লঙ্কান ধারাভাষ্যকার রাসেল আরনল্ডকে সঞ্জয় মাঞ্জরেকারের প্রশ্নটা করলেন হঠাৎ করেই। শ্রীলঙ্কা-বাংলাদেশ ম্যাচ শুরুর আগে সেই আলোচনা জমে উঠল। তাতে যোগ দিলেন অনুষ্ঠান সঞ্চালক সাঞ্জানা গানেশনও।
বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই, স্বাভাবিক ভাবেই সেখানে নাগিন ডার্বির এক রকম উত্তেজনা থাকবেই। সেই সূত্র ধরেই প্রশ্নটা করেছিলেন সঞ্জয় মাঞ্জরেকার। তাঁর পাশেই তখন রাসেল আরনল্ড, সাবেক লঙ্কান অলরাউন্ডার। সত্যিই কি শ্রীলঙ্কাকে দেখতে পারে না বাংলাদেশের সমর্থকরা।

রাসেল আরনল্ড অবশ্য হেসে উড়িয়ে দিলেন। বললেন, ‘আমার মনে হয় না এখানে পছন্দ বা অপছন্দের কিছু আছে। আশপাশ থেকে অনেক রকম কথা হয়। সেসব এত মাথায় নেওয়ার কিছু আছে বলে মনে হয় না।’
সঞ্জয় তখন সাঞ্জানার দিকে তাকিয়ে বললেন, ‘এই উত্তরে আমি কনভিন্সড না, আপনি কনভিন্সড? সাঞ্জানা নিজেও তখন যোগ দিলেন সেই রসিকতায়। তিনি বললেন, ‘যে কোনো সেরা একাদশে সাকিব আল হাসানের নাম না দেখলেই সেখানে আতাহার আলী খান চেচিয়ে ওঠেন।’

সঞ্জয় জানালেন, সমালোচনার ভয়ে তিনি বাংলাদেশের সমর্থকদের ভয় পান। তিনি বলেন, ‘বাংলাদেশকে নিয়ে কিছু বলতে ভয় লাগে। তবে লিটন দাস ক্লাস ব্যাটার, ব্যাটিংয়ে আরও সাপোর্ট দরকার, বোলিং বাংলাদেশের ভাল। তবে ধারাবাহিকতা দরকার।’
রাসেল বললেন, ‘শ্রীলঙ্কারও এই একই সমস্যা। ধারাবাহিকতা রাখতে হবে!’ কথাটা ভুল নয়, বাংলাদেশ বা শ্রীলঙ্কা – দুই দলেরই বড় মঞ্চে পারফরম করার সামর্থ্য আছে। কিন্তু, হঠাৎ করেই যেন তাঁরা খেই হারায়। মাঝে মাঝে বিস্ফোরণ, আবার তার পরেই নীরবতা। এই নীরবতা ভাঙলেই কেবল মিলবে সাফল্য।











