জয় ছাপিয়ে মেসির কণ্ঠে আত্মসমালোচনা

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অফ থার্টি টুর ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল আর্জেন্টিনা। তবে জয়ের পরও নিজেদের ঘাটতিগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।

মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অফ থার্টি টুর ম্যাচে অতিরিক্ত সময়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল আর্জেন্টিনা। তবে জয়ের পরও নিজেদের ঘাটতিগুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন অধিনায়ক লিওনেল মেসি।

মেসি বলেন, “আজ আমরা যথারীতি প্রচণ্ড পরিশ্রম করেছি, কখনো ভালো খেলেছি, কখনো খারাপ। এখন সবচেয়ে জরুরি বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনের ম্যাচ নিয়ে ভাবা এবং আজকের ম্যাচ থেকে ইতিবাচক দিকগুলো নেওয়া। যোগ্যতা অর্জনের বাইরেও কিছু ভালো দিক ছিল, তবে আজ যে ভুলগুলো হয়েছে সেগুলোও অনেক বলেই মনে করি।”

ম্যাচে প্রথমে দুর্দান্ত এক গোলে এগিয়ে যান মেসি নিজেই, তবে সমতা ফেরায় কেপ ভার্দে, যা ম্যাচ নিয়ে যায় অতিরিক্ত সময়ে। সেখানে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা, কিন্তু সিডনি লোপেস কাবরালের টুর্নামেন্ট সেরা মানের এক গোলে ফের সমতা ফেরায় দ্বীপরাষ্ট্রটি। শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ান রোমেরোর হেড থেকে দিনেই বোর্জেসের আত্মঘাতী গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এই জয়ে টানা ষষ্ঠ বিশ্বকাপে শেষ ষোলোয় উঠল দলটি।

প্রতিপক্ষের লড়াকু মানসিকতার প্রশংসা করে মেসি বলেন, “আমরা জানতাম এটা কঠিন ম্যাচ হবে, কারণ স্পেন বা উরুগুয়ের বিপক্ষেও এই দল হারেনি। প্রথম গোলটাই ছিল সবচেয়ে কঠিন কাজ, আমরা ভেবেছিলাম এরপর খেলা সহজ হবে, কিন্তু হলো ঠিক উল্টো। আমরা বল হারিয়েছি, পিছিয়ে গিয়েছি, চাপ ধরে রাখতে পারিনি, আর ওরা নিজেদের শক্তি দিয়েই আমাদের ভুগিয়েছে।”

কেপ ভার্দে এবারের বিশ্বকাপে ইতিহাস গড়েছে নকআউট পর্বে ওঠা সবচেয়ে ছোট দেশ হিসেবে, যাদের জনসংখ্যা মাত্র পাঁচ লাখ পঁচিশ হাজার। কোচ লিওনেল স্কালোনি ম্যাচ শেষে জানান, প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকার কোনো বিকল্প নেই, খেলোয়াড়দের সঙ্গে ভুলত্রুটি নিয়ে আলোচনা করবেন তিনি, তবে ইতিবাচক দিক হলো দল কখনো হাল ছাড়েনি।

এই জয়ে  ইতিহাসে সবচেয়ে লম্বা জয়ের ধারা— টানা এগারো ম্যাচ জেতার রেকর্ড গড়ল আর্জেন্টিনা। ব্যক্তিগত অর্জনেও নতুন উচ্চতায় মেসি। প্রথমার্ধের গোলে পুরুষদের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের সংখ্যা নিয়ে গেলেন বিশে, এমবাপ্পের চেয়ে দুই গোল এগিয়ে। টানা অষ্টম বিশ্বকাপ ম্যাচে গোল করার রেকর্ডও গড়েছেন তিনি, সাত গোল নিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়েও শীর্ষে।

শেষ ষোলোয় এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর, ম্যাচ হবে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link