বাচাঁ-মরার লড়াইয়ে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। সাবেক ক্রিকেটারদের একের পর এক ধেয়ে আসা সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিল পাকিস্তান ক্রিকেট দল। তবে নামিবিয়াকে হারিয়েই যেন সমালোচনার জবাব দিতে বসলেন শাদাব।
সাবেক তারকাদের দিকে ইঙ্গিত করে শাদাব খান সরাসরিই বলেন, বর্তমান দল যা অর্জন করেছে, অনেক কিংবদন্তি ক্রিকেটার তাঁদের ক্যারিয়ারে তা করে দেখাতে পারেননি। তুলে ধরেন ২০২১ বিশ্বকাপে ভারতকে পরাজিত করার সেই সুখস্মৃতি।
শাদাব বলেন, ‘সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত থাকতেই পারে। তাঁরা নি:সন্দেহে কিংবদন্তি ছিলেন, কিন্তু আমরা যা অর্জন করেছি, তাঁরা তা পারেননি। আমরা বিশ্বমঞ্চে ভারতকে হারিয়েছি।’

এখন অবধি টি-টোয়েন্টি বিশ্বকাপে নয়বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। ভারতের আট জয়ের বিপরীতে পাকিস্তানের একমাত্র জয়টি এসেছিল ২০২১ বিশ্বকাপেই।
চলমান টুর্নামেন্টে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় দিয়ে মিশন শুরু করলেও ভারতের কাছে ৬১ রানের হার যেন সব অর্জনকে ম্লান করে দিয়েছিল। সেই হারের পরই সাবেক ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ এবং সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি কঠোর সমালোচনায় মেতে ওঠেন।
ইউসুফ ক্ষোভ মিশ্রিত সুরে লিখেছেন, বাবর আজম, শাহীন শাহ আফ্রিদি এবং শাদাব খানের সময় ফুরিয়ে এসেছে। দুর্বল দলের বিপক্ষে জয় দিয়ে নিজেদের আড়াল না করে দলে নতুন মুখ আনার দাবি তোলেন তিনি। অন্যদিকে শহীদ আফ্রিদি তো এক কদম এগিয়ে সরাসরি বলেছিলেন, ‘ক্ষমতা থাকলে আমি নামিবিয়া ম্যাচে এই তিন সিনিয়রকেই বসিয়ে দিতাম এবং তরুণদের সুযোগ দিতাম।’

পুরো ঘটনায় বিচলিত না হয়ে শাদাব জানিয়েছেন, তারা তাদের নিজস্ব পরিকল্পনার ওপর অটুট আছেন। ভারত ম্যাচে নিজেদের ভুল স্বীকার করলেও শাদাব মনে করেন দল সঠিক পথেই এগোচ্ছে।
সংবাদ সম্মেলনের ইতি টানতে গিয়ে শাদাব একটি ভিন্ন মাত্রার অনুপ্রেরণার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘সামনে কঠিন চাপের ম্যাচ। তবে পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এই বরকতময় মাসটি আমাদের দলের জন্য বাড়তি শক্তি ও প্রেরণা জোগাবে।’










