লাহোরের হয়ে পিএসএল খেলতে চান সাকিব!

তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন লাহোরের সাফল্যের সঙ্গী ভবিষতেও হওয়ার। তবে কি আসন্ন পিএসএলে সাকিব খেলবেন লাহোর কালান্দার্সে? 

‘ভবিষ্যতেও এই সাফল্যের অংশ হয়ে থাকতে চাই।’ পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্সের দশ বছর পূর্তিতে অভিবাদন জানিয়েছেন সাকিব আল হাসান। ফ্রাঞ্চাইজিটির ফেসবুক পেজে সাকিবের একটি ভিডিও পাবলিশ করা হয়। সেখানেই শেষে তিনি অভিপ্রায় ব্যক্ত করেছেন লাহোরের সাফল্যের সঙ্গী ভবিষতেও হওয়ার। তবে কি আসন্ন পিএসএলে সাকিব খেলবেন লাহোর কালান্দার্সে?

পিএসএলের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছিল লাহোর কালান্দার্স। সেই দলের অংশ ছিলেন সাকিব আল হাসানও। কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচে মাঠেও নেমেছিলেন তিনি। যদিও সেই অর্থে পারফরম করতে পারেননি। স্বাভাবিকভাবেই ক্যারিয়ারের সায়াহ্নে পৌঁছে যাওয়া সাকিব আল হাসানকে ধরে রাখার বিশেষ কোন কারণও নেই।

এমনকি গতবার লাহোর কালান্দার্সের জার্সিতে পিএসএল মঞ্চ মাতিয়েছিলেন রিশাদ হোসেন। বিদেশি খেলোয়াড় কোটায় সেই রিশাদকেও ধরে রাখেনি লাহোর। তবে দীর্ঘদিন পিএসএল না খেলায়, সরাসরি চুক্তিবদ্ধ করার সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যেই ফ্রাঞ্চাইজিটি মুস্তাফিজুর রহমানকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে। ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে কাটার মাস্টারকে নিজেদের করে নিয়েছে লাহোর কালান্দার্স।

ধারণা করা যায় নিলাম থেকে তারা রিশাদ হোসেনকেও দলে নিতে চাইবে। রিশাদের জন্য তারা শেষ অবধি লড়াই চালাবে। এবার পিএসএল নিলামে রিশাদ বনে যেতে পারেন হটকেক। বিগব্যাশের পারফরমেন্সের কারণেই তার চাহিদা থাকবে তুঙ্গে। তবে সাকিব হয়ত সে তুলনায় হবেন না সমাদৃত। কিন্তু নিজের ইচ্ছে প্রকাশ করে সাকিব যেন ইঙ্গিত দিয়ে রাখলেন লাহোর কালান্দার্সকে। সুযোগ পেলে যেন তারা বিবেচনা করে একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডারকে। কিংবা কে জানে সাকিবকে হয়ত লাহোর কালান্দার্স আগেভাগেই করেছে আশ্বস্ত!

লাহোরকে অভিনন্দন জানান সেই ভিডিওতে সাকিব আরও বলেন, ‘লাহোর কালান্দার্সের পুরো দলকে ১০ বছর পূর্তির জন্য অভিনন্দন। গত পিএসএলে চ্যাম্পিয়ন দলের অংশ হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। গত বছর ড্রেসিংরুম ভাগ করে নেওয়ার অভিজ্ঞতাটা দারুণ ছিল।’

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link