আহত বাঘ নেইমার, সুযোগ পাবে কি বিশ্বকাপে আর?

নেইমারকে কি বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত? উচিত অনুচিতের আলাপে পরে যাই। আগে অভাগা নেইমারের দুর্ভাগ্যের কথা শোনাই।

নেইমারকে কি বিশ্বকাপ খেলতে দেওয়া উচিত?

উচিত অনুচিতের আলাপে পরে যাই। আগে অভাগা নেইমারের দুর্ভাগ্যের কথা শোনাই। মার্চের শেষ দিকে দু’টো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই ম্যাচ দু’টোকে সামনে রেখে কার্লো আনচেলত্তি তার প্রাথমিক স্কোয়াডে রেখেছিলেন নেইমারকে। তবে আনচেলত্তি নেইমারকে খেলাবেন কি-না সেই সিদ্ধান্ত ঝুলে ছিল একটি ম্যাচের উপর।

ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলে করিন্থিয়াসের বিপক্ষে খেলতে নামার কথা ছিল নেইমারের। কিন্তু দুর্ভাগা নেইমার সেই ম্যাচটি খেলতে পারছেন না। কারণ তার পেশিতে রয়েছে ‘টেনশন’। না কোন সিরিয়াস ইনজুরি নয়- তবে বিশ্রাম তার প্রয়োজন। অতএব আসন্ন আন্তর্জাতিক ব্রেকে ব্রাজিলের জার্সিতে নেইমারকে দেখতে পাওয়ার সম্ভাবনা ক্ষীন হয়ে গেছে।

এখন আসি মূল প্রসঙ্গে, নেইমারকে ব্রাজিলের বিশ্বকাপ দলে রাখা উচিত- এই বক্তব্য যেমন দেবে একটি পক্ষ। তেমনি না রাখার পক্ষেও নিশ্চয়ই দাঁড়িয়ে যাবে কেউ কেউ। তবে মূল সিদ্ধান্তটা নিতে হবে মূলত কার্লো আনচেলত্তিকেই। বর্তমানে নেইমার ব্রাজিলের জন্য রীতিমত এক সাদাহাতি। তাকে দলে রাখা বনে যেতে পারে ভীষণ ঝুকিপূর্ণ কাজ। কিন্তু হাতি মরলেও তো তার দাম লাখ টাকা।

এই দ্বিধার একটা সমাধানে আসতে হবে। আর সেই সমাধানটা খুঁজে বের করতে হবে কার্লো আনচেলত্তিকে। যদিও সেই সিদ্ধান্তে উপনীত হতে হলে নেইমারকে মাঠে নামতে হবে আনচেলত্তির পরিকল্পনা মোতাবেক। আনচেলত্তি যা চাইছেন- তা কতটুকু ডেলিভার করতে পারবেন নেইমার- সেটাও দেখে নেওয়া প্রয়োজন।

ঝুঁকি চাইলেই নেওয়া যায়, খেলোয়াড়টা নেইমার বলে। তবে চোখ বন্ধ করে ঝুঁকি নিশ্চয়ই নিতে চাইবে না ব্রাজিল কিংবা তাদের কোচ কার্লো আনচেলত্তি। কিন্তু নেইমার যদি কোচের বর্তমান পরিকল্পনায় ‘ফিট ইন’ করতে পারেন- তবে তাকে নিয়ে যাওয়া উচিত। কেননা খুড়িয়ে খুড়িয়ে চলা নেইমারও একটা পাস কিংবা পায়ের ছোট্ট কারিকুরিতে ম্যাচ ভাগ্য বদলে দিতে জানেন।

নিজের জীবন বিপন্ন করে হলেও তিনি ব্রাজিলের পক্ষে ফলাফল এনে দিতে চাইবেন। কেননা একটি বিশ্বকাপ জিতবেন বলেই তো তিনি এখনও খেলা চালিয়ে যাচ্ছেন। নতুবা ইনজুরি জর্জরিত ক্যারিয়ারটাকে তিনি কবেই বাক্সবন্দী করে ফেলতেন। এমনকি ২০২৬ বিশ্বকাপ শেষে তিনি বিদায় জানাতে পারেন ফুটবলকে। তিনি স্রেফ এই একটি বিশ্বকাপে সুযোগের অপেক্ষায় আছেন।

এমন তীব্র আকাঙ্খা লালন করা একজন বিশ্বমানের ফুটবলারকে অগ্রাহ্য করা উচিত হবে না। তিনি এখন বনে গেছেন আহত বাঘ। যার ভয়ংকর হিংস্রতায় নতি স্বীকার করবে সবাই। ওই ভাবনা থেকেও অন্তত নেইমারকে নেওয়া যেতে পারে বিশ্বকাপে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link