ইনজুরিতে বিশ্বকাপ স্বপ্ন ধূলিসাৎ যাদের

একদিকে উত্তর আমেরিকার দিগন্তে ২০২৬ বিশ্বকাপের রণদামামা বাজছে। অন্যদিকে চোটের নীল বিষাদে ম্লান হয়ে যাচ্ছে কিছু ফুটবলীয় নক্ষত্রের আকাশ।

একদিকে উত্তর আমেরিকার দিগন্তে ২০২৬ বিশ্বকাপের রণদামামা বাজছে। অন্যদিকে চোটের নীল বিষাদে ম্লান হয়ে যাচ্ছে কিছু ফুটবলীয় নক্ষত্রের আকাশ। মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরে ছিটকে যাওয়া। এ যেন স্বপ্নের অকাল মৃত্যু।

গত বিশ্বকাপের সেই বিষাদময় পেনাল্টি মিসের ক্ষত এবার মুছে ফেলতে চেয়েছিলেন রদ্রিগো। কিন্তু রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ডের জন্য নিয়তি লিখে রেখেছিল ভিন্ন গল্প। গেতাফের বিপক্ষে ম্যাচে হাঁটুতে ভয়াবহ এসিএল চোট পেয়ে রদ্রিগো এখন মাঠের বাইরে। সেলেসাওদের আক্রমণভাগের সেই গতি আর নান্দনিকতা রদ্রিগোহীন বিশ্বকাপে কতটা ম্লান হবে, তা এখন বড় প্রশ্ন।

ক্ষত তৈরি হয়েছে ব্রাজিলের রক্ষণভাগেও। এপ্রিলে উরুর মারাত্মক ইনজুরিতে অস্ত্রোপচারের পর মিলিতাওয়ের বিশ্বকাপ স্বপ্ন এখন একরাশ দীর্ঘশ্বাস। তার অনুপস্থিতি কার্লো আনচেলত্তির রক্ষণব্যূহকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

লিভারপুলের জার্সিতে ১৭ গোল করে যখন আগামীর সুপারস্টার হওয়ার বার্তা দিচ্ছিলেন হুগো একিটিকে। ঠিক তখনই সব ওলটপালট হয়ে গেল। অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় দিদিয়ের দেশমের এই তুরুপের তাস এখন দর্শক। কিলিয়ান এমবাপ্পেদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বজয়ের স্বপ্নটা একিটিকের জন্য এখন নিছকই এক দূরবর্তী কল্পনা।

টটেনহ্যামের হয়ে প্রিমিয়ার লিগে খেলার সময় সেই অভিশপ্ত এসিএল চোট কেড়ে নিল জাভি সিমন্সের বিশ্বকাপ স্বপ্ন। নেদারল্যান্ডস দলের মাঝমাঠে যিনি প্রাণভোমরা হয়ে ওঠার কথা ছিল, সেই সৃজনশীল জাদুকরকে ছাড়াই এবার কোম্যানকে সাজাতে হবে তার রণকৌশল।

বায়ার্ন মিউনিখের গোল মেশিন সার্জ গ্যানাব্রি এবারও চোটের কাছে হার মানলেন। প্রশিক্ষণের সময় অ্যাডাক্টর পেশিতে চোট পাওয়ায় জার্মানির গোলক্ষুধা মেটানোর প্রধান কারিগর এখন মাঠের বাইরে।

সোনালী সুযোগের খুব কাছে পৌঁছেও ফিরে আসতে হলো প্যাট্রিক আগিয়েমাংকে। অ্যাকিলিস টেন্ডনের ইনজুরি পচেত্তিনোর এই তরুণ স্ট্রাইকারের বিশ্বকাপ স্বপ্ন ভেঙে দিয়েছে। দেশের মাটিতে যখন হর্ষধ্বনি উঠবে, আগিয়েমাং তখন লড়বেন পুনর্বাসনের কঠিন যুদ্ধে।

মেক্সিকোর গোলপোস্টের নিচে যার থাকার কথা ছিল অতন্দ্র প্রহরীর মতো, সেই লুইস মালাগনও আজ ইনজুরির কাছে পরাজিত। মালাগনের ইঞ্জুরিতে ষষ্ঠবারের মতো বিশ্বকাপের গ্লাভস হাতে নামবেন ৪১ বছর বয়সী গুইলারমো ওচোয়া।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link