গ্যাব্রিয়েল মার্টিনেল্লি সম্ভবত নিজের ক্যারিয়ারের সেরা হাইলাইটসটা পেয়ে গেলেন। ইনজুরি টাইমের একদম শেষ মুহূর্তে, জাপানের বিপক্ষে সেই রুদ্ধশ্বাস একটা মুহূর্ত। সেই মুহূর্ত যাতে করে আরও একবার হেক্সা জয়ের স্বপ্ন জ্বলে উঠল ব্রাজিলের।
বক্সের ঠিক বাইরে অত্যন্ত বিপজ্জনক জায়গায় বল হারান জাপানের তাকানা। সুযোগটা লুফে নেন ব্রুনো গুইমারেস। নিখুঁত এক থ্রু পাসে তিনি বল পৌঁছে দেন মার্টিনেল্লির কাছে। মুহূর্তের মধ্যে বাম পা থেকে ডান পায়ে বল সরিয়ে শান্ত মাথায় শট নেন মার্টিনেল্লি।

গোলরক্ষক সুজুকিকে পরাস্ত করে বল পোস্টে লেগে জালে জড়িয়ে যায়! ব্যাস, ব্রাজিলের স্বপ্ন বেঁচে যায়। এই ব্রাজিলের বিপক্ষেই প্রথমার্ধে ১-০ গোলের লিড নিয়ে মাঠ ছেড়েছিল জাপান।
কিন্তু, দ্বিতীয়ার্ধে ব্রাজিল ছিল অন্য জাতের, অন্য মানের। একের পর এক আক্রমণে জাপানের রক্ষণভাগ কেঁপে ওঠে। আর এর শেষটা হয় মার্টিনেল্লির অসামান্য এক গোল দিয়ে। ২-১ গোলে জিতে ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে চলে গেল বিশ্বকাপের শেষ ষোলতে।











