কখনও লফটেড ড্রাইভ, কখনও স্পিনের বিপক্ষে হাটু গেড়ে স্যুইপ শট। আগ্রাসনের সকল অস্ত্র তাঁর হাতে আছে অবারিত। ব্যাটিংয়ের ধরণ কখনও কখনও ওয়ানডের স্টাইল রপ্ত করে ফেলেছে।
এমন একটা ইনিংস দেখাটাও চোখের শান্তি। অস্ট্রেলিয়ার মাটিতে কোকাবুরা ব্যাট হাতে অধিনায়কের এমন আগ্রাসন তো নতুন কিছু নয়। কিন্তু, সেই আগ্রাসী অধিনায়ক তো এখন কমেন্ট্রিতে।

তাহলে ডারউইনের বাইশ গজে তোপ জমালেন কে? তিনি অধিনায়ক বটে, তবে অস্ট্রেলিয়ান নন। তিনি অজি মানসিকতার বটে, তবে ব্যাট করেন বাংলাদেশের হয়ে। তিনি অস্ট্রেলিয়ায় বসে রিকি পন্টিংকেও হয়তো স্মৃতিকাতর হতে বাধ্য করেছেন, তবে সেই তীরটা বেশি বিদ্ধ হয়েছে খোদ অস্ট্রেলিয়ানদের বুকেই।
অস্ট্রেলিয়ান রেসিপি দিয়েই অস্ট্রেলিয়ানদের চোখ রাঙিয়ে ব্যাটিং করেছেন নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি পান কি না পান, সেসব নিয়ে শান্ত কখনও ভাবেন না, এবারও ভাবেননি। দলের লিড নিজের কৌশলে যতটা বাড়িয়ে নিয়ে নেওয়া যায় ততটাই যে দলে মঙ্গল, সেই ভাবধারার একনিষ্ট সাধক বাংলাদেশের অধিনায়ক।

৮৪ রানের ইনিংস খেলেছেন। সাতটি চারের সাথে একটা ছক্কা হাকিয়েছেন। অস্ট্রেলিয়া তাঁর বিপক্ষে কোনো পরিকল্পনা করে কূল পায়নি। বরং একটা ভুলের অপেক্ষায় ছিল। সেই ভুল যতক্ষণে শান্ত করেছেন, ততক্ষণে বাংলাদেশের লিড প্রায় ১০০ ছুঁয়ে গেছে। এই মানসিকতার জবাব ঘরে বসে অস্ট্রেলিয়াও খুঁজে পাচ্ছে না আপাতত।










