টেস্ট ক্রিকেটের ‘অনিরাপদ’ ভবিষ্যৎ

বর্তমানে টেস্ট ক্রিকেটের সূচিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচগুলোই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এর ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর টেস্ট সূচি ক্রমেই সীমিত হয়ে পড়ছে।

জোর যার, মুল্লুক তাঁর। বিশ্ব ক্রিকেটে এখন তাই চলছে, মনে করেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক কেন সতর্ক করে দিয়েছেন, যদি কেবল ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডই টেস্ট ক্রিকেটে আধিপত্য বজায় রাখে, তাহলে এই ফরম্যাট টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

তাঁর মতে, ঐতিহ্যবাহী এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে হলে সব ক্রিকেট খেলুড়ে দেশকেই সমানভাবে অংশ নিতে হবে ও বিনিয়োগ বাড়াতে হবে। শীর্ষ দেশগুলো এলিট সিন্ডিকেট না ভাঙলে বাঁচানো যাবে না টেস্ট ক্রিকেট।

মঙ্গলবার সিইএটি ক্রিকেট অ্যাওয়ার্ডসে উপস্থিত হয়ে উইলিয়ামসন বলেন, ‘যদি মাত্র তিনটি দলই টেস্ট খেলে, তাহলে ফরম্যাটটি বাঁচিয়ে রাখা কঠিন হবে। আমরা অবশ্যই ভারত-অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের সিরিজগুলো উপভোগ করি, কিন্তু এগুলো টেস্ট ক্রিকেটের সামগ্রিক বিকাশে খুব একটা সহায়ক নয়।’

নিউজিল্যান্ডের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক উইলিয়ামসন ২০২১ সালে ভারতের বিপক্ষে কিউইদের নেতৃত্ব দিয়েছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনালে, যেখানে তারা শিরোপা জেতে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তিনি মনে করেন, বড় দলগুলোর পাশাপাশি ছোট দেশগুলোকেও নিয়মিত টেস্ট খেলার সুযোগ দিতে হবে।

উইলিয়ামসন বলেন, ‘বিশ্বজুড়ে অনেক দেশেই টেস্ট ক্রিকেট চাপে রয়েছে। টিকে থাকার জন্য ফরম্যাটটিতে নতুন প্রাণ সঞ্চার করা এখন বড় চ্যালেঞ্জ। এই বিষয়ে নানা আলোচনা চলছে— কীভাবে টেস্ট ক্রিকেটকে দীর্ঘমেয়াদে ধরে রাখা যায়, সেটাই এখন মূল লক্ষ্য হওয়া উচিত।’

বর্তমানে টেস্ট ক্রিকেটের সূচিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচগুলোই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এর ফলে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলোর টেস্ট সূচি ক্রমেই সীমিত হয়ে পড়ছে। আইসিসিতেও এই বড় শক্তিগুলোর প্রাধান্যই বেশি। এর সাথে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আধিপত্য তো আছেই।

উইলিয়ামসনের এই মন্তব্য তাই বিশ্ব ক্রিকেটে আবারও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে— টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ আসলে কতটা নিরাপদ?

Share via
Copy link