লিওনেল মেসি আর লামিন ইয়ামালের মধ্যে দ্বৈরথ দেখার সুবর্ণ সুযোগ বিনষ্ট হল। নানা জটিলতায় অবশেষে বাতিল করা হল ফিনালিসিমা। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার দ্বৈরথের অপেক্ষায় থাকা ফুটবল সমর্থকদের যেন রীতিমত এক দুঃসংবাদ।
ম্যাচটি আয়োজনের সকল প্রচেষ্টা চালিয়েছিল ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। কিন্তু শেষ অবধি কোন সমাধান খুঁজে না পাওয়ায় দুই মহাদেশের দুই চ্যাম্পিয়নকে আনা সম্ভব হচ্ছে না।
আগামী ২৭ মার্চ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সময়ের যুদ্ধাবস্থায় সেখানে ম্যাচ আয়োজন করা এক প্রকার অসম্ভব হয়ে দাড়ায়। বিকল্প হিসেবে স্পেনের মাদ্রিদ শহরের সান্তিয়াগো বার্নাব্যুতে হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু তাতে রাজি হয়নি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও বলা হয়েছিল দুই দলের সমর্থকদের ৫০ শতাংশ সিট বরাদ্দ রাখা হবে।

এরপর দুই লেগের প্রস্তাবনাও দিয়েছিল উয়েফা। এক পর্ব হবে মাদ্রিদে, আরেক পর্ব হবে বুয়েন্স আয়ার্সে। কিন্তু সেটাও অসম্মতি জানায় আর্জেন্টিনা। উলটো প্রস্তাবনা হিসেবে বিশ্বকাপের পর সেই ম্যাচ আয়োজনের কথা বলেছিল আর্জেন্টিনা। সেই সময়ে স্পেন ফুটবলের আবার নেই কোন ফাঁকা স্থান।
৩০ মার্চ ইউরোপের নিরপেক্ষ ভেন্যুতে সেই ম্যাচ আয়োজনের আলোচনার পর, ৩১ মার্চ আর্জেন্টিনা খেলতে সম্মতি জানায়। কিন্তু সেই সময় ম্যাচ আয়োজনের জন্য উপযুক্ত নয়। এ কারণেই এক প্রকার বাধ্য হয়ে ম্যাচটি গড়াচ্ছে না মাঠে। এর আগের আসরে ইতালিকে হারিয়ে মহাদেশীয় লড়াইয়ের শ্রেষ্ঠত্ব নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা।
বিশ্বকাপের আগে এই ম্যাচটি মাঠে গড়ালে উন্মাদনের পারদ লেগে যেত উত্তেজনার ছোঁয়া। ফুটবল ভক্তদের জন্য এটা নিদারুণে বেদনা।












