ক্রিশ্চিয়ানো রোনালদোর থেকেও এক ধাপ এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। একজন স্ট্রাইকার, আরেকজন গোলরক্ষকক, দুজনের রোলও আলাদা। তবে কিভাবে ভোজিনহা ছাড়িয়ে গেলেন রোনালদোকে?
মূলত ভোজিনহা চলতি বিশ্বকাপে ড্রিবল সম্পন্ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও বেশি! শুনতে অবিশ্বাস্য লাগলেও সংখ্যার হিসাব তাই বলছে। টুর্নামেন্টে এখন পর্যন্ত চার ম্যাচ খেলে ভোজিনহা সফলভাবে একটি ড্রিবল করেছেন। আর সেটিই তাকে এগিয়ে দিয়েছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় রোনালদোর ওপরে, যিনি এখনো একটি সফল ড্রিবলও করতে পারেননি।

এই অদ্ভুত পরিসংখ্যানের জন্ম আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের শেষ ষোলোর ম্যাচে। প্রথমার্ধে নিজেদের বক্সের কাছাকাছি চাপে পড়েও আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজকে কাটিয়ে দারুণ দক্ষতায় বল এগিয়ে নেন ভোজিনহা। ম্যাচে সেটি তার একমাত্র সফল ড্রিবল হলেও সেটাই আলোচিত হয়ে উঠেছে।
অন্যদিকে রোনালদোর বিশ্বকাপ অভিযান ব্যক্তিগতভাবে গোলের হিসাবে সফল হলেও ড্রিবলের খাতাটা শূন্য এখনও। পর্তুগালের অধিনায়ক এখন পর্যন্ত তিনটি গোল করেছেন। তবে তিনটি পূর্ণ ম্যাচ এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে দীর্ঘ সময় মাঠে থেকেও কোনো প্রতিপক্ষকে একক নৈপুণ্যে কাটিয়ে সফল ড্রিবল সম্পন্ন করতে পারেননি।

ফুটবলের সৌন্দর্যই হয়তো এখানে। কখনো একটি গোল ইতিহাস লেখে, কখনো একটি সেভ। আবার কখনো মাত্র একটি ড্রিবলও তৈরি করে দেয় এমন গল্প, যা বিশ্বকাপ শেষ হওয়ার পরও আলোচনায় থেকে যায়।










