ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে আয়ারল্যান্ড। ভারতের বধের এই মিশনে আয়ারল্যান্ডের অগ্রণী সেনানি ছিলেন ভারতেরই একজন। নামটা জয় মূন্দ্রা। অভিষেক ম্যাচেই জানান দিলেন, সংগ্রামের স্বীকৃতি ঠিকই মেলে।
রাজস্থানের টঙ্কে জন্ম নেওয়া ২৯ বছর বয়সী এই বাঁহাতি পেসারের আন্তর্জাতিক অভিষেকটা ছিল রূপকথার মতো। প্রথম বলেই ফিরিয়ে দেন ভারতীয় ওপেনার সঞ্জু স্যামসনকে। এরপর নিজের বলে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান শিভম দুবেকেও। ৪ ওভারে মাত্র ২৬ রান খরচায় ২ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস গড়ার পেছনে রাখেন বড় অবদান। সেই পারফরম্যান্সেই টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথমবারের মতো তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে হারায় আইরিশরা। তবে জয় মূন্দ্রার গল্পটা কেবল একটি অভিষেক ম্যাচের নয়, এটি দীর্ঘ সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্পও।
কৈশোরে ব্যাটিং ও স্পিন বোলিং দিয়ে ক্রিকেট শুরু করেছিলেন তিনি। পরে নিজের দক্ষতা খুঁজে পান পেস বোলিংয়ে। চেন্নাইয়ের এসআরএম ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করে করপোরেট চাকরিতেও যোগ দেন। কিন্তু অফিসের চার দেয়াল তাঁর স্বপ্নকে আটকে রাখতে পারেনি। শেষ পর্যন্ত চাকরি ছেড়ে পুরোপুরি ক্রিকেটকেই বেছে নেন।

২০২১ সালে উচ্চশিক্ষার জন্য আয়ারল্যান্ডে পাড়ি জমান মূন্দ্রা। ডাবলিনের টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর পড়ার পাশাপাশি যোগ দেন লেইনস্টার ক্রিকেট ক্লাবে। সেখান থেকেই শুরু হয় তাঁর নতুন ক্রিকেট-জীবন।
ধীরে ধীরে আইরিশ ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। ২০২৪ সালে পেশাদার ক্রিকেটে অভিষেকের পর জায়গা করে নেন লিস্ট ‘এ’ ও প্রথম শ্রেণির ক্রিকেটেও। ২০২৫ সালের মাঝামাঝি পর্যন্ত পণ্য উন্নয়ন প্রকৌশলী হিসেবে কাজ চালিয়ে গেলেও পরে পুরোপুরি মনোযোগ দেন ক্রিকেটে।
সেই সিদ্ধান্তই যেন বদলে দেয় তাঁর ভাগ্য। চলতি ইন্টার-প্রভিনশিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে ১৪.৫৭ গড়ে সর্বোচ্চ সাত উইকেট শিকার করে জাতীয় দলের দরজায় কড়া নাড়েন তিনি। ঠিক সেই সময় পাঁচজন নিয়মিত পেসারকে চোটের কারণে হারিয়ে বিকল্প খুঁজছিল আয়ারল্যান্ড। সুযোগ আসে মূন্দ্রার সামনে, আর সেই সুযোগের পূর্ণ মূল্য দেন অভিষেক ম্যাচেই।

ভারতের বিপক্ষে দুর্দান্ত লাইন-লেন্থে বোলিং করে নিজের জন্মভূমির বিপক্ষেই লিখে ফেললেন ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়। জন্ম ভারতের মাটিতে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের জার্সিতে।










