গিল জুয়া — ভবিষ্যতের বিনিয়োগ নাকি বর্তমানের ঝুঁকি?

নেতৃত্বের ভার সামলানো একেবারে আলাদা ব্যাপার। এখন দেখার বিষয়—তিনি কি অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নিজের নেতৃত্বের ছাপ রাখতে পারেন, নাকি এই সিদ্ধান্তই ভারতের ছন্দে বিঘ্ন ঘটায়!

ভারতের বাজির ঘোড়া এখন শুভমান গিল। প্রশ্ন হল, বাজি ধরতে গিয়ে কি একটু বেশিই ঝুঁকি নিয়ে ফেলছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট?

টেস্ট দলের অধিনায়ক, টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক হওয়ার পর এবার একদিনের ফরম্যাটেও নেতৃত্ব পেলেন গিল। সেখানে দৌঁড়ে শ্রেয়াস আইয়ারকে যোগ্যতর দাবিদার মনে করার লোকের অভাব নেই, এমনকি খোদ রোহিত শর্মাকে রেখে দেওয়াও ‍ভুল কৌশল হত না।

কয়েক মাসের মধ্যেই গিলের কাঁধে তিন ফরম্যাটের দায়িত্ব চলে এসেছে। দুই ফরম্যাটের নেতা তিনি, পারফরম না করেও টি-টোয়েন্টির সহ-অধিনায়ক তিনি। টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ব্যাট হাতে ভালো করলেও, তাঁর কিছু কৌশলগত সিদ্ধান্তে প্রশ্ন উঠেছিল। সাদা বলে এশিয়া কাপের মঞ্চে সেই অর্থে পারফরমই করতে পারেননি তিনি।

স্পষ্ট করে বলে দেওয়া যায় যে, তিনি এখনও শিখছেন—তাহলে এত দ্রুত তাঁকে ওয়ানডের দায়িত্ব কেন দেওয়া হল? আরও প্রশ্ন হতে পারে, রোহিত কী ভুল করেছিলেন?

রোহিত শর্মার অধিনায়কত্বে ভারতের রেকর্ড অনবদ্য— ৫৬ ম্যাচে ৪২ জয়, জয়ের হার ৭৫%! এমন নেতৃত্বে ভারত ২০২৩ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে এবং ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে।

শুধু নেতৃত্ব নয়, রোহিতের ব্যাটও ঝলসে উঠেছিল — ১৯৬৩ রান, গড় ৪৭.৮৮, স্ট্রাইক রেট ১১৬.৮৫, ১৫টি হাফ-সেঞ্চুরি ও ৩টি সেঞ্চুরি।

এমন পারফরম্যান্সের পর হঠাৎ নেতৃত্বে বদল আনার কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এর পেছনে আছেন গৌতম গম্ভীর। তিনি তারুণ্যনির্ভর দল চান, তাঁর প্রেসক্রিপশন মেনেই সরিয়ে ফেলা হয়েছে বিরাট কোহলি কিংবা রোহিত শর্মাদের।

যদি সত্যিই পরিবর্তনের প্রয়োজন হতো, তাহলে শ্রেয়াস আয়ার ছিলেন আরও ‘রেডিমেইড’ একজন নেতা। তিনি বর্তমানে ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসেবে অস্ট্রেলিয়ায় দারুণ পারফর্ম করছেন। আইপিএলেও সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

তবু তাঁকে সহ-অধিনায়ক করে রেখে গিলকে পুরো দলের দায়িত্ব দেওয়া—এটা অনেকের কাছেই বোধগম্য হচ্ছে না। অবশ্যই, শুভমন গিল নি:সন্দেহে ভারতের ভবিষ্যৎ তারকা। তিনি ভারতের ভবিষ্যৎ পোস্টার বয়।

কিন্তু, নেতৃত্বের ভার সামলানো একেবারে আলাদা ব্যাপার। এখন দেখার বিষয়—তিনি কি অভিজ্ঞতার ঘাটতি পুষিয়ে নিজের নেতৃত্বের ছাপ রাখতে পারেন, নাকি এই সিদ্ধান্তই ভারতের ছন্দে বিঘ্ন ঘটায়!

লেখক পরিচিতি

সম্পাদক

Share via
Copy link