বিশ্বকাপের রাউন্ড অব ৩২ আপনি কেন দেখবেন? ফুটবল প্রেমী হলে তো দেখতে বাধ্য, না হলেও ক্ষতি নেই এই পর্বের লড়াই আপনাকে চম্বুকের মতোই টানবে। গ্রুপ পর্বের নির্ধারিত ৭২ ম্যাচ শেষ হয়েছে। কানাডা-দক্ষিণ আফ্রিকার লড়াই দিয়ে শুরু হয়েছে রাউন্ড অব ৩২ অর্থাৎ নকআউট পর্বের মহারণ। এখানে কোন ভুলের সুযোগ নেই। সেই বাস্তবতাকে জিইয়ে রাখার তাগিদে এই পর্বটা তাই আলাদা গুরুত্ব বহন করে।
এই লড়াইয়ের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বোধহয় ব্রাজিল- জাপানের দ্বৈরথ।ব্যক্তিগত নৈপুণ্য আর দলগত শৃঙ্খলার দুই ভিন্ন দর্শন। গত বছর জাপানের কাছে হারের স্মৃতি মুছতে বদ্ধপরিকর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর জাপানের লক্ষ্য নতুন উচ্চতায় পৌঁছাতে সংগ্রাম করা।
জার্মানি-প্যারাগুয়ে লড়াইয়ে ফিরে আসছে পুরোনো হিসাব। ২০০২ সালের নকআউটে এক গোলের ব্যবধানে হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ প্যারাগুয়ের সামনে। অবশ্য তারুণ্যনির্ভর চারবারের বিশ্বজয়ীরাও ছেড়ে কথা বলবে না।
তবে এই পর্বের আরও আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছে নেদারল্যান্ডস-মরক্কোর মহারণ। শিরোপার অন্যতম দাবিদার ডাচদের সামনে চার বছর আগের তাক লাগানো সেমিফাইনালিস্ট মরক্কো, যাদের মাঝমাঠে এবার যোগ হয়েছে বিস্ময়বালক আয়ুব বুয়াদ্দি।

আইভরি কোস্ট-নরওয়ে ম্যাচে আলো থাকবে তারকা ফরোয়ার্ড আর্লিং হালান্ডের দিকে। তার সামনে দাঁড়াবে বাছাইপর্বে একবারও গোল না খাওয়া আইভরি কোস্টের রক্ষণ। আর ফ্রান্স-সুইডেন ম্যাচে নজর থাকবে দুই সতীর্থ ভিক্টর গিওকেরেস ও উইলিয়াম সালিবার ব্যক্তিগত দ্বৈরথের দিকে।
ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে টমাস টুখেলের দল ইংল্যান্ড। একই দিনে বেলজিয়াম-সেনেগাল ম্যাচেও নাটকীয়তার সম্ভাবনা কম নয়। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পাওয়া উভয় দলই নকআউটে নতুন গল্প লিখতে চাইবে।
আবার, স্বাগতিক যুক্তরাষ্ট্রের সামনে থাকছে বসনিয়া, আর স্পেনের প্রতিপক্ষ অস্ট্রিয়া। সুস্থ হয়ে ফেরা লামিন ইয়ামালের সৃজনশীলতার বিপরীতে অস্ট্রিয়ার সরাসরি আক্রমণাত্মক ফুটবল ম্যাচটিকে ভিন্ন মাত্রা দিতে পারে ফুটবলপ্রেমীদের চোখে।
এ দিকে, পর্তুগাল-ক্রোয়েশিয়া ম্যাচে হয়তো শেষবারের মতো একই বিশ্বকাপে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুকা মদরিচকে। সুইজারল্যান্ড-আলজেরিয়া ম্যাচে আলো কাড়তে পারেন ‘মাজাদোনা’ নামে পরিচিত তরুণ ইব্রাহিম মাজা। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শের লড়াই চালিয়ে যাবেন মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কাগজে-কলমে একপেশে মনে হলেও অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা ইতোমধ্যেই দুটি ক্লিন শিট রেখে নিজ দেশের নায়ক বনে গেছেন। লড়াইটা তাই জমকালো হওয়ার আভাস মিলছে কিছু কিছু বিশ্লেষকের কণ্ঠে। পাশাপাশি, শেষ ম্যাচে কলম্বিয়া-ঘানার লড়াই ফুটবলের সঙ্গে গ্যালারির উন্মাদনাকেও এনে দেবে সমান গুরুত্ব।
ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের গ্রুপ পর্বের চমক, বিতর্ক, রেকর্ড আর অঘটন এবারের বিশ্বকাপকে পৌঁছে দিয়েছে এক অনন্য উচ্চতায়। আসন্ন ম্যাচগুলোর প্রতিটি বাঁশি, প্রতিটি গোল এবং প্রতিটি ভুল বদলে দিতে পারে গল্পের মোড়। তাই রাউন্ড অব ৩২-এর কোনো ম্যাচই উপেক্ষা করার সুযোগ নেই দর্শকদের।










