তিন দল নিয়ে হতে যাচ্ছে উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রথমবারের মতো এই ফ্যাঞ্চাইজি ভিত্তিক নারী টি-টোয়েন্টি লিগ আয়োজনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ বছরের ৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে এই টুর্নামেন্টের উদ্ভোদনী আসর।
নারীদের নিয়ে আইপিএল, বিগ ব্যাশের মতো আসর থাকলেও বাংলাদেশে ফ্যাঞ্চাইজি ভিত্তিক কোন আসরই ছিল না। আক্ষেপ ছিল, কিংবা নিজেদের ঝালিয়ে নেওয়ার মতো তেমন কোন সুযোগ ছিল না বাংলাদেশের মেয়েদের। এবার সেই আক্ষেপ ঘুচল।
নারী বিপিএল নিয়ে আনুষ্টানিক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির উইমেনস উইং। দেশের নারী ক্রিকেটকে আরও পেশাদার কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ। নারী ক্রিকেটারদের জন্য দীর্ঘদিন ধরেই ফ্যাঞ্চাইজি লিগের দাবি ছিল। অবশেষে সেই দাবি বাস্তব রূপ পাচ্ছে।

নারী বিপিএলের প্রথম আসর হবে তিন দল নিয়ে। যদিও সংখ্যায় বেশ কম। তবে প্রতিযোগিতা মান ও ভারসাম্য নিশ্চিত করতে চায় বিসিবি। প্রতি দলে জাতীয় দলের অভিজ্ঞ তারকার পাশাপাশি উদীয়মান সব ক্রিকেটাদের নিয়েই সাজানো হবে এই আসর। ফলে প্রতিযোগিতামূলক মানসিকতা যেমন বাড়বে তেমনই অনেকের সামনে খুলে যেতে পারে জাতীয় দলের দুয়ারও।
ড্রাফট পদ্ধতির মাধ্যমেই বেছে নেওয়া হবে স্থানীয় খেলোয়াড়দের। সেই সাথে সুযোগ থাকবে বিদেশি ক্রিকেটার অন্তর্ভুক্ত করার। প্রতি দল নির্দিষ্ট সংখ্যক বিদেশি ক্রিকেটারদের দলে ভেড়াতে পারবে। ফলে আন্তর্জাতিক পর্যায়ের খেলোয়াড়দের সাথে ড্রেসিংরুম ভাগাভাগি করার সুযোগ থাকমে উদীয়মানদের। সাথে বাড়বে টুর্নামেন্টের মানও।
এই টুর্নামেন্ট পরিচালনার জন্য গঠন করা হয়েছে ডব্লিউবিপিএল গভর্নিং কাউন্সিল। এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবি পরিচালক ও উইমেনস উইংয়ের চেয়ারম্যান রুবাবা দৌলা। টুর্নামেন্ট-সংক্রান্ত সব সাংগঠনিক বিষয়, নীতিমালা ও ব্যবস্থাপনা দেখভাল করবে এই কাউন্সিল।

এপ্রিলের অপেক্ষায় এখন নারী ক্রিকেটাররা। নতুন স্বপ্ন, নতুন চ্যালেঞ্জ আর নতুন সম্ভাবনা নিয়ে আসছে উইমেনস বাংলাদেশ প্রিমিয়ার লিগ। দেশের নারী ক্রিকেটে পেশাদার যুগের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে এই আসর দিয়েই।











