কোহলি-ধাওয়ানকে টপকে নতুন রেকর্ড গিলের

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে তিনি ভেঙে দিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দীর্ঘদিনের রেকর্ড।

ওয়ানডে ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন রাজ্যাভিষেক ঘটল ভারতীয় অধিনায়ক শুভমান গিলের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলে তিনি ভেঙে দিলেন শিখর ধাওয়ান ও বিরাট কোহলির দীর্ঘদিনের রেকর্ড।

মাত্র ৬২ ইনিংসেই তিন হাজার রানের এলিট ক্লাবে প্রবেশ করে ভারতের দ্রুততম ও বিশ্ব ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ইতিহাস গড়লেন এই তরুণ তুর্কি। তাঁর সামনে কেবল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি হাশিম আমলা, যিনি ৫৭ ইনিংসে এই মাইলফলক ছুঁয়েছিলেন।

বৃষ্টির কারণে চার ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় ম্যাচটি নেমে এসেছিল ২৫ ওভারে। ১৯৫ রানের জয়ের লক্ষ্য নিয়ে চেজ করতে নেমে গিল দেখালেন তাঁর ব্যাটিং জাদু।

শুরু থেকেই আফগান বোলারদের ওপর ছড়ি ঘুরিয়ে মাত্র ৩৭ বলেই পূর্ণ করেন ব্যক্তিগত অর্ধশতক। শেষ পর্যন্ত ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তিনি। তাঁর নান্দনিক ব্যাটিংয়ের সাথে লোকেশ রাহুলের ১৯ বলে অপরাজিত ৩৯ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে দুই ওভার হাতে রেখেই সাত উইকেটের জয় এনে দেয়।

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরেও ব্যাট হাতে অনবদ্য ছিলেন গিল। রান সংগ্রহের তালিকায় ১৬ ম্যাচে ৭৩২ রান নিয়ে বৈভব সুরিয়াভানশির পরেই ছিল তাঁর নাম। আইপিএল পেরিয়ে আন্তর্জাতিক ময়দানে একদিনের ফরম্যাটেও সেই ফর্ম ধরে রেখেছেন গিল।

এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। আগামী বুধবার লখনৌতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এরপর ২০ জুন চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও আফগানিস্তান।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link