মিয়াঁ ভাই কা ড্যারিং

রোহিত শর্মার কথাটা সম্ভবত খুব বেশি সিরিয়াসলিই নিয়ে ফেলেছেন মিয়াঁ ভাই। চলতি আইপিএলে বল নতুন হোক বা পুরনো - মোহাম্মদ সিরাজ সবখানেই বিরাজমান! সব জায়গাতেই তিনি একই রকম ড্যারিং!

পুরনো বলে নাকি তিনি খুব একটা কার্যকর নন। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই অজুহাতে মোহাম্মদ সিরাজকে দলে নেওয়া হয়নি। রোহিত শর্মার কথাটা সম্ভবত খুব বেশি সিরিয়াসলিই নিয়ে ফেলেছেন মিয়াঁ ভাই। চলতি আইপিএলে বল নতুন হোক বা পুরনো – মোহাম্মদ সিরাজ সবখানেই বিরাজমান! সব জায়গাতেই তিনি একই রকম ড্যারিং!

গুজরাট টাইটান্স নিশ্চয়ই এমন একজনকে পেয়ে নিজেদের ভাগ্যবান ভাবতেই পারে। সত্যিই তাই। সাবেক দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৯ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন। ম্যাচ সেরার পুরস্কার জিতেন নিজের সাবেক দলের বিপক্ষে।

এবার তাঁর আগুনটা টের পেল সানরাইজার্স হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের বিপক্ষে তাঁর আগুনের তেজ আরও তীব্র হল। চারটা উইকেট নিলেন। এবার রান হজম করলেন মাত্র ১৭ টি। নতুন বলে দুই ওপেনারকে ফিরিয়ে দেন। তাঁর বিপক্ষে দু’টো বাউন্ডারি মেরেই সাজঘরে ফিরেন ট্রাভিস হেড, অভিষেক শর্মাও তাঁর দখলে। এরপর নিজের শেষ ওভারটা করতে আসেন ডেথে। ১৯ তম ওভারে পান আরও দু’টি উইকেট।

চার ম্যাচে নয় উইকেট পেয়েছেন ‘গুজরাটি’ সিরাজ। গতি, আগ্রাসন আর বুদ্ধির দুর্দান্ত মিশেল — সিরাজ এখন আর ‘নতুন বলে ভয়ংকর’ এমন তকমায় আটকে নেই। তিনি এখন সব সময়ের, সব পরিস্থিতির জন্যই ‘ড্যারিং’। মিয়াঁ ভাইয়ের এই ড্যারিং বোলিং গোটা আইপিএল জুড়েই থাকলে তাঁর পার্পেল কাপ পাওয়া আটকায় কে!

Share via
Copy link