একটা পুনরাবৃত্তি কি ঘটতে পারে? কি হবে যদি সুপার ফোরে ভারতকে হারিয়ে দেয় পাকিস্তান? এমন নজির তো আগেও রয়েছে। ২০২২ সালের এশিয়া কাপের সুপার ফোর পাকিস্তানের কাছে ধরাশায়ী হয়েছিল ভারত। পাকিস্তানের সেই স্মৃতিই হয়ত তাদের আরও একবার ভারতের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে চাঙ্গা করে তুলবে।
২০২২ সালেও ভারত-পাকিস্তান ছিল এশিয়া কাপের একই গ্রুপে। সেবার গ্রুপ পর্বের ম্যাচে বেশ সাবলীলভাবেই ম্যাচ জিতেছিল ভারত। ১৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাঁচ উইকেট ও দুই বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় রোহিত শর্মার দল। স্বাভাবিকভাবেই ভারত ও পাকিস্তান সেবারও উঠেছিল সুপার ফোরে।
সবাই ভেবেছিল রোহিত শর্মার দলের কাছে পাত্তা পাবে না বাবর আজমের দল। কিন্তু টসটা সে ম্যাচে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাক অধিনায়ক বাবর আজম। আর সেই একটি সিদ্ধান্তই যেন পরবর্তীতে দারুণ কাজে দেয় পাকিস্তানের পক্ষে।

প্রথম ইনিংসে ব্যাট করে বিরাট কোহলি অর্ধশতকের কল্যাণে স্কোরবোর্ডে ১৮১ রান তোলে ভারত। দুবাইয়ের উইকেটে ১৮০ ছাড়ানো যেকোন সংগ্রহ তাড়া করা বেশ ভালই কঠিন কাজ। কিন্তু পাকিস্তান সেবার টপকে গিয়েছিল ১৮২ রানের লক্ষ্যমাত্রা। মোহাম্মদ রিজওয়ানের হাল ধরা এক অর্ধশতরানের ইনিংস জয়ের ভীত গড়ে দিয়েছিল সেবার।
এরপর মোহাম্মদ নাওয়াজের ঝড়ো ২০ বলে ৪২ রান পাকিস্তানকে জয়ের কাছাকাছি পৌঁছে দেয়। পাঁচ উইকেট ও এক বল বাকি থাকতেই পাকিস্তান পৌঁছে যায় জয়ের বন্দরে। সেই ম্যাচ পাকিস্তানের জন্যে হতে পারে অনুপ্রেরণা। তবে ভারতের এই দলটা ভীষণ আলাদা। আক্রমণাত্মক ক্রিকেট আর কম্প্যাক্ট এক ইউনিটকে দমানো দায়।
২০২৩ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপে পাত্তাই পায়নি পাকিস্তান। গ্রুপ পর্বে এই দুই দলের খেলা আর মাঠে গড়ায়নি বৃষ্টির বাঁধায়। তবে সুপার ফোরে ভারত-পাকিস্তান পুনরায় মুখোমুখি হয়। শ্রীলঙ্কার আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান আবারও টসে জয়লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

৩৫৬ রান স্কোরবোর্ডে তোলে ভারত। সেই ম্যাচে মাত্র ১২৮ রানেই গুটিয়ে লজ্জার এক পরাজয় নিয়ে মাঠ ছেড়েছিল পাকিস্তান। এছাড়াও ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে ভারতই রয়েছে এগিয়ে। সুতরাং ভারতের বিপক্ষে পাকিস্তানের জয় পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে এবারের দেখায় টস ভাগ্য হতে পারে আবারও ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু খেলা দুবাইয়ে। পাকিস্তান কি পারবে ভারতকে হারাতে?











