রাওয়ালপিন্ডির মাঠে প্রায় ১৮ হাজার দর্শক। তাঁদের মধ্যে অন্তত ১৫ হাজার দর্শক এসেছিলেন শুধু বাবর আজমের প্রত্যাবর্তন দেখতে। বাবর আজমের জন্যও অনন্য এক মাইলফলক অপেক্ষা করছিল।
মাত্র নয়টা রান করতে পারলেই টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের চূড়ায় উঠে যেতেন তিনি। কিন্তু, ফেরার দিনে দু:স্বপ্ন উপহার পেলেন তিনি।

করবিন বশের বলে আউট হয়ে ফিরে গেলেন বাবর আজম! ফেরার ম্যাচে শূন্য রানে বিদায় বাবরের — একেবারেই ভুলে যাওয়ার মতো প্রত্যাবর্তন। দর্শকরা স্তব্ধ। মাত্র দুই বল স্থায়ী হল ইনিংস।
বলটি ছিল সামান্য খাটো লেন্থের, যা ভেতরের দিকে ঢুকছিল। বাবর পিছিয়ে গিয়ে পাওয়ার-প্লে’র শেষ কয়েকটি বল কাজে লাগিয়ে ইনফিল্ডের উপর দিয়ে মারার চেষ্টা করছিলেন।

কিন্তু, তাঁর কাট শটটি ব্যাটের উপরের দিক ছুঁয়ে বাতাসে উঠে যায় — সহজতম ক্যাচটা নেয় কাভারে থাকা ফিল্ডার। এশিয়া কাপে দলের ব্যর্থতার জের ধরে বাবর আজমকে ফিরিয়ে আনা হয়েছিল। কিন্তু, সেই আশায় গুড়েবালি, ভুলে যাওয়ার মত করেই শুরু করলেন এক কালের বাদশাহ বাবর।










