নিলামের উত্তাপ ছোঁয়ার আগেই যেন উৎসবমুখর হয়ে উঠেছে বিপিএল অঙ্গন। মাঠের লড়াই শুরু হতে সময় বাকি এখনও। এরমধ্যেই দলে নামিদামি খেলোয়াড়দের ভেড়াতে যেমন তোড়জোড় চলছে, তেমনই চলছে কোচিং স্টাফ নিয়েও। এই পর্বে দেখে নেওয়া, ছয় দলের কোচিং প্যানেলে কারা আছেন।
শুরুটা করা যাক ঢাকা ক্যাপিটালস দিয়ে। হেড মাস্টার হিসেবে তারা দলে নিয়েছে ক্যারিবীয়দের ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অন্যতম কারিগর টবি র্যাডফোর্ড। তাঁর অভিজ্ঞতা আছে বাংলাদেশের কোচিং করানোরও। সঙ্গে মেন্টর হিসেবে রয়েছেন পাকিস্তানের ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ শোয়েব আখতার। তাঁর গতিশীল পরিকল্পনা যে কোনো দলকে স্টাম্পের মতো উপড়ে ফেলতে পারে।
রাজশাহী ওয়ারিয়র্স ভরসা রেখেছে হান্নান সরকারের উপর। ঘরোয়া ক্রিকেটে ইতিমধ্যেই কোচ হিসেবে নাম কুড়িয়েছেন তিনি। বিপিএলে নাজমুল হোসেন শান্তদের এবার সামলানোর দায়িত্ব তাঁর কাঁধেই। সাথে সঙ্গী হিসেবে পাবেন রাজিন সালেহকে।

সিলেট টাইটান্সও পুরোপুরি নির্ভর করছে দেশি কোচদের উপর। দলটির প্রধান কোচ সোহেল ইসলাম। তাঁর সহকারী হিসেবে থাকছেন ইমন মাহমুদ। ব্যাটিং মাস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইমরুল কায়েসকে। বোলিং কোচ হিসেবে মোহাম্মদ আমিরদের দিকনির্দেশনা দেবেন সৈয়দ রাসেল।
চট্টগ্রাম রয়্যালসের কোচিং ফ্রেমটাও কম আকর্ষণীয় নয়। দলটির প্রধান কোচ মিজানুর রহমান বাবলু, আর মেন্টর ও টিম ম্যানেজারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক হাবিবুল বাশার।
নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসের মাস্টারমাইন্ড হতে পারেন খালেদ মাহমুদ সুজন। সেই সাথে ডেপুটি হিসেবে ডাগআউটে দেখা যেতে পারে তালহা জুবায়েরকে।

সবশেষে রংপুর রাইডার্স। বিপিএলের অন্যতম সফল দল। আবারও বাজিমাত করেছে তারা। ডাগআউটের হাল ধরছেন আন্তর্জাতিক অঙ্গনের বহুল পরিচিত মুখ মিকি আর্থার। তাঁর অভিজ্ঞতা রংপুরের ড্রেসিংরুমের শক্তি নিঃসন্দেহে বাড়িয়ে দেবে।
রণকৌশল সাজাতে সব দলের প্রস্তুতি বেশ জোরেসোরেই চলছে। দেশি-বিদেশি মাস্টারমাইন্ডের পরিকল্পনায় কেবল বিপিএলের শিরোপা জয়ের লক্ষ্য। এখন দেখার, মাঠের খেলায় কার পরিকল্পনা কাজে আসে।
Share via:











