চূড়ান্ত তালিকা থেকে বাদ গেলেন নয়জন ক্রিকেটার। রীতিমত হট্টগোল পড়ে গেছে বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে। ওই নয় জনের মধ্যে তেলেবেগুনে জ্বলে উঠেছেন কেবল এনামুল হক বিজয়। বাকিরা যেন নিজেদের দায় খানিকটা নিরবেই স্বীকার করে নিচ্ছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নিলামের আগে বেশ সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন।
প্রায় প্রতিটা আসরেই বিপিএলকে ঘিরে ফিক্সিংয়ের গুঞ্জন ডালপালা মেলে। কিন্তু গেল আসরে অবাস্তব সব ওয়াইড কাণ্ড ফিক্সিং ইস্যুতে সোচ্চার হওয়ার মত প্রভাবক বনে গেছে। এরপর তো তদন্ত কমিটি বসেছে, কয়েকজন খেলোয়াড়দের বিরুদ্ধে অভিযোগও উঠেছে। যদিও পর্যাপ্ত প্রমাণাদি মেলেনি।
এবারের বিপিএল নিলামের প্রাথমিক খেলোয়াড় তালিকায় শুরুতে সেই অভিযুক্ত খেলোয়াড়দের নাম থাকলেও, চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন নয়জন ক্রিকেটার। সেই তালিকা থেকে বিজয় ছাড়াও বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শফিউল ইসলাম, সানজামুল ইসলাম, নিহাদুজ্জামান, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, মুনির হোসেন ও শিহাব জেমস।

সবচেয়ে অবাক করা নামটি সম্ভবত শিহাব জেমসের। তরুণ ক্রিকেটার। গেল বছরেও অনূর্ধ্ব ১৯ দলের হয়ে তিনি খেলেছেন। তিনি কখনোই বিপিএল খেলেননি। নিশ্চয়ই তাকে ফিক্সিং সন্দেহের কারণে তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। তার বিষয়ে এখনও অবধি পরিষ্কার কোন ধারণা পাওয়া না গেলেও, বাকিদের ক্ষেত্রে যে রয়েছে ফিক্সিংয়ের সন্দেহ সেটা সর্বশেষ আসরের পরই ডালপালা মেলেছিল।
এদের মধ্যে অধিকাংশের আচরণ ও খেলার ধরণ ছিল সন্দেহজনক। তবে খেলোয়াড় ছাড়াও ফ্রাঞ্চাইজি কর্মকর্তা, কোচ ও সংবাদকর্মীদের বিপক্ষে লাল পতাকা তুলেছিল ফিক্সিং তদন্ত কমিটি। এদের বিষয়ে বিসিবি কি পদক্ষেপ গ্রহণ করবে কি-না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।
তবে বাংলাদেশ দলের সাবেক পেসার শফিউল ইসলাম, তালিকা থেকে তার বাদ পড়ার প্রতিক্রিয়াতে বলেছেন যে চুনোপুটিদের কাঠগড়ায় তোলা হলেও, বেঁচে যাচ্ছেন রাঘব-বোয়াল- সেটাই বরং বলে দিচ্ছে এই ফিক্সিংয়ের শেকড় ঠিক কতটা গভীরে। অন্যদিকে আইনী পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে এনসিএলের ম্যাচ রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এনামুল হক বিজয়।

বিপিএল নিলামের আগে সৃষ্টি হওয়া এই পরিস্থিতি বেশ লম্বা সময় ধরে চলমান থাকতে চলেছে তা সুনিশ্চিত। তবে সন্দেহপ্রবণ খেলোয়াড়দের বিপিএল থেকে দূরে রাখার এই সিদ্ধান্তর কারণে বিসিবি বেশ সাধুবাদ কুড়িয়েছে সর্বস্তর থেকেই। কিন্তু এই কঠোর সিদ্ধান্তে কতক্ষণ অবধি তারা অটল থাকেন সেটাই এখন দেখার পালা।











