যুক্তরাষ্ট্রের হয়ে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার এহসান আদিল। ৩২ বছর বয়সী এহসান আদিল অতীতে পাকিস্তান জাতীয় দলের হয়ে মোট নয়টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দীর্ঘ সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর এই প্রত্যাবর্তন ঘটছে সম্পূর্ণ ভিন্ন এক দেশের প্রতিনিধিত্ব নিয়ে।
যদিও এখনও আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেনি। তবে একাধিক প্রতিবেদনে জানা গেছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল কার্যত চূড়ান্ত হয়ে গেছে। এই স্কোয়াডেই জায়গা পেয়েছেন এহসান আদিল।
বিশ্লেষকরা বলছেন শ্রীলঙ্কা সফরের জন্য ঘোষিত ১৮ সদস্যের যুক্তরাষ্ট্র দলটিই মূলত বিশ্বকাপ স্কোয়াড হিসেবে বিবেচিত হচ্ছে। এই সফরে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র, যেখানে সফরকারী দলের সদস্য হিসেবে থাকছেন এহসান আদিল।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের জার্সিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হয় তাঁর। এরপর ২০১৫ সাল পর্যন্ত তিনি পাকিস্তানের হয়ে খেলেছেন তিনটি টেস্ট ও ছয়টি ওয়ানডে ম্যাচ। এই সময়ের মধ্যে টেস্ট ক্রিকেটে তাঁর শিকার পাঁচটি উইকেট, আর ওয়ানডেতে নিয়েছেন চারটি উইকেট। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে, অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আইসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তান স্কোয়াডের সদস্য ছিলেন এহসান আদিল।
আন্তর্জাতিক অঙ্গনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ছিল তাঁর দীর্ঘ ও সমৃদ্ধ পথচলা। ২০১২ সালের মার্চ থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত সময়কালে তিনি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৬৭টি ম্যাচ, যেখানে তাঁর সংগ্রহ ২৪৫টি উইকেট। লিস্ট ‘এ ক্রিকেটে ৬৭টি ম্যাচে নিয়েছেন ৯৮ উইকেট এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ৬৮ ম্যাচে শিকার করেছেন ৮৬টি উইকেট।
পাকিস্তানের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টারফাইনাল। এক দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করে আরেক দেশের হয়ে বিশ্বকাপ মঞ্চে ফেরার এই গল্প এহসান আদিলের ক্যারিয়ারে যোগ করতে যাচ্ছে এক ব্যতিক্রমী অধ্যায়।











