‘ডিলায়া’ তারিক উইকেট শিকার সাম্রাজ্যের অধিপতি

উসমান তারিকের হাত বল রিলিজ হওয়ার আগে ১৫ ডিগ্রির বেশি বাঁকে কি না, সেই আলোচনায় ঘিঁ ঢাললেন ওয়াকার ইউনুস।

উসমান তারিক বল ছোড়ার সময় হঠাৎ করে যেমন থমকে যান, তেমনি হাত ভরে উইকেটও পান। কলম্বোর ধারাভাষ্যকক্ষ থেকে সেই সূত্র ধরেই তাঁর নতুন নাম ‘ডিলায়া’। ডিলে থেকে ডিলায়া। তবে, তাঁর হাত বল রিলিজ হওয়ার আগে ১৫ ডিগ্রির বেশি বাঁকে কি না, সেই আলোচনায় ঘিঁ ঢাললেন ওয়াকার ইউনুস।

আইরিশ ধারাভাষ্যকারের দেওয়া ডিলায়া নাম তিনি বদলে দিলেন ‘ঢিলায়া’। নাঁ, নামিবিয়ার বিপক্ষে অবশ্যই ঢিল মেরে উইকেট পাননি উসমান তারিক। রীতিমত রহস্যের সাম্রাজ্য গড়েই তিনি বাইশ গজে নাচিয়েছেন নামিবিয়ান ব্যাটারদের।

এই ‘ডিলায়া’-কে ঘিরে যে বিস্ময়ের বলয় সৃষ্টি হয়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তাই তো ইংল্যান্ড কিংবা পাকিস্তানের প্রেক্ষাপটে তারিকের নাম কি হতো, সেসব নিয়েও চলছে আলোচনা। তবে যা নিয়ে আলাপ হওয়া উচিত, উসমান তারিকের উইকেট শিকারের দক্ষতা- সেটা নিয়ে হচ্ছে না কোন প্রকার আলোচনা।

উসমান তারিক, দেরীতে ফোটা ফুল হয়ে তার আগমন ঘটেছে। পাকিস্তানের জার্সিতে বিশ্বকাপেও তিনি আলোচনার কেন্দ্রে। ভারত তো রীতিমত তাকে নিয়ে ছিল দারুণ শঙ্কার মধ্যে। সুরিয়াকুমার যাদব নিজ দলের ব্যাটারদের অনুশীলনও করিয়েছিলেন উসমান তারিকের ওই স্বল্প সময়ের থমকে যাওয়ার সাথে ধাতস্ত হতে।

ঠিক এতটাই আলোড়ন সৃষ্টি করে ফেলেছেন উসমান। ভিন্নধর্মী বোলিং অ্যাকশনের মিস্ট্রি স্পিনার, তিনি রীতিমত দ্বিধার সৃষ্টি করেন ব্যাটারদের মনে। সেই দ্বিধার রাজ্যে হারিয়ে গেছেন নামিবিয়ার চার ব্যাটার। তাতে করে উসমান তারিকের ঝুলিতে এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির উইকেট জমা পড়েছে ১৬টি।

মাত্র ছয় ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ার তাঁর। এই সময়ে স্রেফ ২২ ওভার এক বল করেছেন তিনি। অর্থাৎ ১৩৩ বলেই তিনি ১৬বার ব্যাটারদের পাঠিয়েছেন সাজঘরে। সেই বিচারে তার স্ট্রাইকরেট দাঁড়াচ্ছে ৮.৩। নিদেনপক্ষে ১৫ উইকেট শিকার করা পূর্ণ সদস্য দলের কোন বোলারের নেই এত কম স্ট্রাইকরেট।

ধারাভাষ্যকারদের হাতে নিশ্চয়ই থাকে সকল পরিসংখ্যানের হিসেব-নিকেশ। একজন খেলোয়াড় যখন তার ভিন্নধর্মী সত্ত্বা নিয়ে পারফরম করে যান, তখন স্বাভাবিকভাবেই তিনি আলোচনার কেন্দ্রে চলে আসেন। তাকে সাদরে গ্রহণ করার জন্যই দেওয়া হয় ডাকনাম। এটা বিশ্ব ক্রিকেটের পরিমণ্ডলে নিজের আলাদা অস্তিত্ব তৈরি করার উপহার। ‘ডিলায়া’ নামটা উসমান তারিকের সেই উপহার।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link