ভারতের টিম নির্বাচনের কেন্দ্রবিন্দুতে এখন জাসপ্রিত বুমরাহ। ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৯ মে দল ঘোষণা করতে যাচ্ছে অজিত আগার্কারের নেতৃত্বাধীন ভারতের নির্বাচক কমিটি। সেখানে জাসপ্রিত বুমরাহ থাকবেন কি না, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
আর এই সিরিজকে ঘিরে এখন সবচেয়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে জাসপ্রিত বুমরাহ’র ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তাদের এই তারকা পেস বোলারকে দীর্ঘমেয়াদে ফিট রাখতে, ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

সামনে রয়েছে গুরুত্বপূর্ণ টেস্ট সূচি এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই। তাই আফগানিস্তান সিরিজে বুমরাহ কে সব ম্যাচে খেলানো হবে কি না, সেটি এখনও নিশ্চিত নয়।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট মনে করছে, সামনে দীর্ঘ আন্তর্জাতিক মৌসুম থাকায় তাঁকে পর্যাপ্ত বিশ্রাম দেয়াও জরুরি। জানা গেছে, তিনি হয় একমাত্র টেস্ট ম্যাচটি খেলবেন, নয়তো ওয়ানডে সিরিজে অংশ নিবেন। দুই ফরম্যাটেই তাঁকে খেলানোর সম্ভাবনা খুবই ক্ষীণ।

কারণ সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরির কারণে কয়েকবার মাঠের বাইরে থাকতে হয়েছে এই পেসারকে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ব্যস্ত সূচির পর কম সময়ের বিরতিতে আন্তর্জাতিক সিরিজ শুরু হওয়ায় ক্রিকেটারদের ক্লান্তি নিয়েও চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট।
আগামী ৬ জুন একমাত্র টেস্টটি অনুষ্ঠিত হবে ভারতের চন্ড্রিগড়ে। এরপর ১৪,১৭ ও ২০ জুন তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ধর্মশালা, লখনৌ ও চেন্নাইয়ে। বুমরাহ’র টেস্ট না খেলা সাপেক্ষে দলের পেস আক্রমনের নেতৃত্ব দিতে পারেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

এছাড়া, ইনজুরির কারণে হর্ষিত প্রদীপ রানা ও আকাশ দীপের না থাকার সম্ভাবনাও রয়েছে। এছাড়া ঘরোয়া ক্রিকেট ও আইপিএলে পারফর্ম করা একাধিক তরুন ক্রিকেটারদেরও দলে দেখার বিশেষ সম্ভাবনা রয়েছে।










