হারারে টেস্টে গ্লাভস ও একাদশ নিয়ে যত জল্পনা-কল্পনা

হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ শুরুর আগেই সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে একটাই—লিটন দাসের অনুপস্থিতিতে উইকেটকিপিং করবেন কে?

ইনজুরির কারণে ছিটকে গেছেন লিটন। তার বদলি হিসেবে দলে এসেছেন মাহিদুল ইসলাম অঙ্কন ।তবে স্কোয়াডে রয়েছেন আরেক উইকেটকিপার-ব্যাটার অমিত হাসানও। প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচে ৩ হাজার ৬৫০ রান ও ১১টি সেঞ্চুরি করা অমিত ব্যাটিংয়েও বাড়তি শক্তি যোগ করতে পারেন।

অন্যদিকে অঙ্কনের পক্ষে রয়েছে জাতীয় দলের হয়ে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা। তাই টসের আগ পর্যন্ত গ্লাভস কার হাতে উঠবে, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন।

ব্যাটিং বিভাগে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে দেখা যেতে পারে শাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়কে। তিন নম্বরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, এরপর মুমিনুল হক ও মুশফিকুর রহিম। ছয় নম্বরে টেস্ট অভিষেক হতে পারে তাওহীদ হৃদয়ের।

বোলিং বিভাগেও থাকছে বেশ কৌতূহল। ইনজুরি কাটিয়ে ফেরা এবাদত হোসেনের সঙ্গে নতুন বলে দায়িত্ব নিতে পারেন সদ্য ইংলিশ কাউন্টি ক্লাব কেন্টের হয়ে খেলে ফেরা হাসান মাহমুদ। কাউন্টি ক্রিকেটের অভিজ্ঞতা নিয়ে আত্মবিশ্বাসী এই পেসারের দিকে থাকবে বাড়তি নজর। আর স্পিন আক্রমণে ভরসা থাকবেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

কাগজে-কলমে বাংলাদেশই ফেভারিট। তবে ম্যাচ শুরুর আগে সবচেয়ে বড় রহস্য একটাই—লিটনের জায়গায় গ্লাভস হাতে দেখা যাবে মাহিদুল ইসলাম অঙ্কনকে, নাকি টেস্ট ক্যাপে অভিষেক হবে অমিত হাসানের? সেই উত্তর মিলবে টসের সময়ই।

সবকিছু মিলিয়ে বাংলাদেশের সম্ভাব্য একাদশ হতে পারে—শাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন অথবা অমিত হাসান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ এবং এবাদত হোসেন।

লেখক পরিচিতি

আমজাদ হোসেন আবির

সাব এডিটর

Share via
Copy link