আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার আগে এক মধুর সমস্যার সম্মুখীন আর্জেন্টিনা। সেটা মূলত আক্রমণভাগ নিয়েই। লিওনেল মেসিকে ঘিরে আর্জেন্টিনার আক্রমণভাগ সাজানো হবে, সেটা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু মেসির সাথে মূল স্ট্রাইকার হিসেবে কে খেলবেন, হুলিয়ান আলভারেজ নাকি লাওতারো মার্তিনেজ? এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয়।
কিছুদিন আগেও মনে হচ্ছিল, এই লড়াইয়ে অনেকটাই এগিয়ে আছেন লাওতারো মার্তিনেজ। কারণ, হুলিয়ান আলভারেজ পায়ের গোড়ালির চোট নিয়ে ভুগছিলেন। সেই সুযোগে প্রস্তুতি ম্যাচগুলোতে লাওতারোকেই বেশি ব্যবহার করেছেন কোচ লিওনেল স্কালোনি।
বিশেষ করে হন্ডুরাসের বিপক্ষে ম্যাচে নিজের সামর্থ্যের দারুণ প্রমাণ দেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। শুধু গোলই করেননি, সতীর্থ জুলিয়ানো সিমিওনের গোলেও অবদান রেখেছিলেন। পুরো ম্যাচজুড়েই ছিলেন প্রাণবন্ত। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার আক্রমণের নেতৃত্ব তিনিই দেবেন। কিন্তু পরিস্থিতি বদলে গেছে খুব দ্রুত।
চোট কাটিয়ে এখন পুরোপুরি অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেজ। দলের সঙ্গে নিয়মিত ট্রেনিং করছেন। আর তাতেই নতুন করে ভাবতে হচ্ছে স্কালোনিকে।

কারণ, আলভারেজ বড় মঞ্চের পরীক্ষিত সৈনিক। ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের পথে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। সেই আসরে সাত ম্যাচে চার গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেছিলেন তিনি। বড় ম্যাচে চাপ সামলে পারফর্ম করার যে মানসিকতা দরকার, সেটির প্রমাণ আগেই দিয়েছেন আলভারেজ।
অন্যদিকে লাওতারো মার্তিনেজের ক্লাব ফুটবলের পরিসংখ্যানও উপেক্ষা করার মতো নয়। ইন্টার মিলানের হয়ে দুর্দান্ত ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি। সর্বশেষ মৌসুমে ৪১ ম্যাচে করেছেন ২২ গোল। গোল করার ক্ষমতা, বক্সের ভেতরে অবস্থান নেওয়া এবং সুযোগ কাজে লাগানোর দক্ষতায় তিনি এখনও বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন।
তাই স্কালোনির জন্য সিদ্ধান্তটা মোটেও সহজ নয়। একদিকে ক্লাব পর্যায়ে ধারাবাহিক গোল করে যাওয়া লাওতারো মার্তিনেজ, অন্যদিকে বিশ্বকাপের মঞ্চে নিজেকে প্রমাণ করা হুলিয়ান আলভারেজ। কাকে বেছে নেবেন তিনি?
একাদশ নিয়েও বেশ রহস্য তৈরি হয়েছে। ম্যাচের আগে শেষ ট্রেনিংয়ে কিছুটা স্পষ্টতা মিললেও, রক্ষণভাগ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। স্কালোনি পুরো সেশনেই বিভিন্ন ফরমেশন ও কম্বিনেশন পরীক্ষা করেছেন, যাতে আলজেরিয়ার মতো শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষকে সামলানো যায়।

প্রথমে চারজনের ব্যাকলাইন দিয়ে অনুশীলন শুরু করেন আর্জেন্টাইন কোচ। পরে আবার তিন সেন্টার ব্যাক ও দুই উইং ব্যাকের ফরমেশনেও দলকে নামিয়ে পরীক্ষা চালান তিনি। এই পরিবর্তন থেকেই বোঝা যাচ্ছে, রক্ষণ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি স্কালোনি। ৩-৫-২, ৪-৪-২ এই দুই ফরমেশনই দিয়েই অনুশীলন সেরেছে আর্জেন্টিনা। মাঠের খেলায় এর প্রতিফলন কতটুকু দেখা যায় সেটা সময় বলে দেবে।
সবমিলিয়ে ফাইনাল একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি ও লাওতারো মার্তিনেজ।









