বাংলাদেশ ক্রিকেটে একসময় ব্যাটিং গড়ের কথা উঠলেই সবার আগে আসত সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমের নাম। বছরের পর বছর ধরে দেশের ক্রিকেটকে কাঁধে তুলে রাখা এই তারকারাই ছিলেন পরিসংখ্যানের শীর্ষে। কিন্তু সময় বদলাচ্ছে, বদলাচ্ছে বাংলাদেশের ব্যাটিংয়ের গল্পও। আর সেই গল্পের নতুন নায়ক তাওহীদ হৃদয়।
ওয়ানডে ক্রিকেটে অন্তত ১৫০০ রান করা বাংলাদেশি ব্যাটারদের মধ্যে বর্তমানে সর্বোচ্চ ব্যাটিং গড়ের মালিক তাওহীদ হৃদয়। তার গড় ৩৯.৩৪, যা ছাড়িয়ে গেছে বাংলাদেশের কিংবদন্তি ব্যাটারদেরও। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাকিব আল হাসানের গড় ৩৭.২৯, তৃতীয় স্থানে তামিম ইকবাল ৩৬.৬৫, এরপর মাহমুদউল্লাহ ৩৬.৪৬ এবং মুশফিকুর রহিম ৩৬.৪২।
বাংলাদেশ ক্রিকেটে এই অর্জনের গুরুত্ব অনেক। কারণ সাকিব, তামিম কিংবা মুশফিকদের মতো তারকাদের ক্যারিয়ার গড়ে উঠেছে দুই শতাধিক ওয়ানডে ম্যাচ খেলে। সেখানে হৃদয় এখনও ক্যারিয়ারের শুরুতেই। কিন্তু অল্প সময়েই তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি একটু বিশেষই বটে।

সাকিব-মুশফিক- রিয়াদ পরবর্তী যুগে এসে বাংলাদেশের মিডল অর্ডার একেবারে কূল-কিনারা হারিয়ে ফেলেছে। সেখানেই একমাত্র ভরসার যোগান দিচ্ছেন তাওহীদ হৃদয়। পুরো দায়-দায়িত্ব নিজের কাঁধে নিয়ে আগলে রাখছেন দলকে। অবশ্য সবে যাত্রাটা তাঁর শুরু।
তবে এই পরিসংখ্যান যতই উজ্জ্বল হোক, সামনে তার জন্য অপেক্ষা করছে আরও বড় পরীক্ষা। ক্রিকেট ইতিহাস তো মনে রাখে তাদেরই, যারা দীর্ঘ সময় ধরে একই মান ধরে রাখতে পারে।
তবু আপাতত সংখ্যার খাতায় একটাই সত্য স্পষ্ট, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে অন্তত ১৫০০ রান করা ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যাটিং গড় এখন তাওহীদ হৃদয়ের। আর সেটাই বলে দেয়, বাংলাদেশের ব্যাটিংয়ের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে।











