সেই পুরোনো স্মৃতি ভেসে উঠেছিল ব্রাজিলের সামনে!

সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন নিশ্চয় ভালোভাবেই মনে আছে ব্রাজিলের? অবশ্য সেটা চাইলেও ভুলে যাওয়া সম্ভব না। ব্রাজিল অবশ্য সেই দুর্বিষহ স্মৃতি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিরিয়ে নিয়ে এসেছিল।

সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন নিশ্চয় ভালোভাবেই মনে আছে ব্রাজিলের? অবশ্য সেটা চাইলেও ভুলে যাওয়া সম্ভব না। ব্রাজিল অবশ্য সেই দুর্বিষহ স্মৃতি এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ফিরিয়ে নিয়ে এসেছিল। কীভাবে? সেটারই বর্ণনা থাকছে এখানে।

ম্যাচের ৩২ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোল করে ব্রাজিল। তবে সেই গোলের মুহূর্ত ছাড়া পুরো প্রথমার্ধে দলটিকে খুব একটা পরিচিত ব্রাজিল মনে হয়নি। বরং শুরু থেকেই আক্রমণাত্মক মরক্কোর চাপে দিশেহারা দেখিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

ব্রাজিলের অন্যতম জনপ্রিয় সংবাদমাধ্যম গ্লোবোর বিশ্লেষক ফার্নান্দো কালাস এই প্রথমার্ধকেই তুলনা করেছেন ব্রাজিল ফুটবলের সবচেয়ে ভয়াবহ স্মৃতিগুলোর একটির সঙ্গে। তাঁর মতে, ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ৭-১ গোলের লজ্জাজনক হারের পর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে খারাপ ৪৫ মিনিট কেটেছে এই ম্যাচে।

অবশ্য এই মন্তব্যের পেছনে কিছু পরিসংখ্যানও রয়েছে। ১৯৬৬ বিশ্বকাপের পর মাত্র দ্বিতীয়বার কোনো দল ম্যাচের প্রথম ১০ মিনিটের মধ্যেই ব্রাজিলের গোলমুখে পাঁচটি শট নিতে পেরেছে। আর সেই দলটির নাম মরক্কো। শুরু থেকেই আফ্রিকান প্রতিনিধিদের আগ্রাসী ফুটবলের সামনে অসহায় দেখিয়েছে ব্রাজিলের রক্ষণভাগকে।

এই ভয়াবহতার মাঝে আরও এক প্রশ্ন উঁকি দিয়ে উঠেছে। কার্লো আনচেলত্তি কি সেরা একাদশ খুঁজে পেয়েছেন? গ্লোবোর আরেক বিশ্লেষক গুস্তাভো পোলির মতে, আনচেলত্তি এখনও খুঁজছেন। প্রথমার্ধে যে দল মাঠে নেমেছিল, সেটি কার্যকর ছিল না বলেই মনে করেন তিনি। বিশেষ করে ইগর থিয়াগোর পারফরম্যান্স তাঁকে হতাশ করেছে। আক্রমণভাগে প্রত্যাশিত প্রভাব রাখতে ব্যর্থ হওয়ার পাশাপাশি পাওয়া সুযোগও কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড।

তবে দ্বিতীয়ার্ধে কিছু ইতিবাচক দিকও দেখেছে ব্রাজিল। বদলি হিসেবে নেমে ফ্যাবিনহো মাঝমাঠে স্থিতি ফিরিয়ে আনেন। তাঁর উপস্থিতিতে ব্রাজিল বলের নিয়ন্ত্রণ বাড়াতে সক্ষম হয়। এছাড়া দানিলো নামার পর ডান প্রান্ত থেকেও আক্রমণে গতি আসে। পাকেতাও সময়ের সঙ্গে নিজের ছন্দ খুঁজে পান।

তবু শেষ পর্যন্ত জয় পাওয়া হয়নি। ফলে বিশ্বকাপ মিশনের শুরুতেই প্রশ্নের মুখে পড়েছে আনচেলত্তির পরিকল্পনা ও দল নির্বাচন। ড্রয়ের কারণে বড় কোনো ক্ষতি না হলেও, পরবর্তী ম্যাচের আগে ব্রাজিল শিবিরে যে বেশ কিছু সমীকরণ নতুন করে ভাবতে হবে, সেটি এখন পরিষ্কার।

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link