ইমরুল কায়েসের রোষানলে কে?

এনাফ ইজ এনাফ! বাংলাদেশ ক্রিকেটের হতশ্রী দশা দেখে ইমরুল কায়েস নিজের ক্ষোভটাকে উগরে দিলেন। আবেগ বা স্বজনপ্রীতির জায়গা এখানে থাকা উচিত না, মনে করিয়ে দিতেও ভুলে যাননি। তবে সব শেষে প্রশ্নটা অন্য জায়গায়, আঙুলটা কার দিকে তুললেন ইমরুল কায়েস?

এনাফ ইজ এনাফ! বাংলাদেশ ক্রিকেটের হতশ্রী দশা দেখে ইমরুল কায়েস নিজের ক্ষোভটাকে উগরে দিলেন। আবেগ বা স্বজনপ্রীতির জায়গা এখানে থাকা উচিত না, মনে করিয়ে দিতেও ভুলে যাননি। তবে সব শেষে প্রশ্নটা অন্য জায়গায়, আঙুলটা কার দিকে তুললেন ইমরুল কায়েস? বাংলাদেশের ক্রিকেটে কি তবে স্বজনপ্রীতি চলে? কারা আসলে এই সুযোগটা পাচ্ছেন? কারা যোগ্যতা নিয়ে বসে আছেন বাইরে?

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সময়টা ক্রিকেট মাঠে মোটেও ভালো যাচ্ছে না। বিশেষ করে নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট ওয়ানডেটাই খেলতে যেন ভুলে গেছে সবাই। যার সূচনাপর্বটা লেখা হয়েছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে।

জিম্বাবুয়ের কাছে সিরিজ হারিয়ে যেন নিজেদেরই হারিয়ে ফেলেছে দল। অবশ্য ঘরের মাঠে একের পর এক সফলতা একটা মেকি আত্মবিশ্বাস খাড়া করেছিল, এই দলটা বিশ্বমানের। তবে ঘর ছেড়ে পা বাইরে রাখতেই সব শেষ।

 

ত্রিদেশীয় সিরিজেও চিত্রটা বদলালো না। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেই জিম্বাবুয়ে, তাদের কাছেই ৯৯ রানের বিশাল ব্যবধানে হারতে হয়েছে বাংলাদেশকে। যেন এই দলটার সবচেয়ে বড় ভয় জিম্বাবুয়েই। শুধু যে হেরেছে তাই নয়, ফাইনাল খেলার স্বপ্নে বড় ধাক্কাটাও দিয়ে এসেছে।

আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে শুরুতে সেই একই চিত্র। টপ অর্ডার ব্যর্থ, ব্যাটাররা আসা-যাওয়ার মিছিলে নেমেছেন যেন। ২৮ রানে চার উইকেট হারিয়ে ফেলার পর যা থাকে সেটাই যে হতাশা।

ইমরুল কায়েস তাই নিজের রাগটাকে সংবরণ করতে পারলেন না। সামাজিক যোগাযোগমাধ্যমে বললেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ক্রিকেট বোর্ডের উচিত যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে সম্পূর্ণ নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় সম্ভাব্য সেরা একাদশ নির্বাচন করা। ক্রিকেট একটি গোটা জাতির প্রতিনিধিত্ব করে। তাই জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়া কিংবা পক্ষপাতিত্বের কোনো সুযোগ থাকা উচিত নয়। যথেষ্ট হয়েছে! এবার যোগ্যতা, ন্যায্যতা এবং দেশের স্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে রাখার সময় এসেছে।’

ইমরুলের এই রোষানলের শিকার আসলে কে? বোর্ড, ম্যানেজমেন্ট, নির্বাচক নাকি খেলোয়াড়! ধোঁয়াশা সৃষ্টিকারী এই পোস্ট রেখে গেল দল নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন, আসলেই কি স্বজনপ্রীতির ভয়াল থাবার শিকার দেশের ক্রিকেট?

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link