কোহলির সাথে তুলনা আসতেই মেজাজ হারালেন বাবর

প্রশ্নটি শেষ হওয়ার আগেই বাবর আজম বিরক্তি প্রকাশ করে বলে ওঠেন, 'চলুন, এই আলোচনা এখানেই শেষ করি

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বাবর আজমের আভিজাত্য নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম। কিন্তু বিরাট কোহলির সঙ্গে যখনই তাকে মেপে দেখার চেষ্টা করা হয়, তখনই যেন অস্বস্তির সুর বেজে ওঠে। সম্প্রতি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মঞ্চে বাবরের দল হায়দ্রাবাদ কিংসের বিপক্ষে জয় পেলেও সংবাদ সম্মেলনে এক অনাকাঙ্ক্ষিত তপ্ত বাক্যবিনিময়ের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে বুধবারের রাতটি ছিল পেশোয়ার জালমির। ১৪৬ রানের মামুলি লক্ষ্য তাড়ায় নেমে ৩৭ বলে ৪৩ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন অধিনায়ক বাবর আজম। শেষ বলের রোমাঞ্চে চার উইকেটের জয় পায় তার দল।

ম্যাচ পরবর্তী আলাপচারিতায় এক সাংবাদিক যখন ভারতের মহাতারকা বিরাট কোহলির প্রসঙ্গ টেনে বাবরের ম্যাচ ফিনিশিং ক্ষমতা নিয়ে প্রশ্ন তোলেন, তখনই ঘটে বিপত্তি। প্রশ্নকর্তা জানতে চেয়েছিলেন – কোহলি যেভাবে ম্যাচ শেষ করে ড্রেসিংরুমে ফেরেন, বাবর কেন বারবার সেখানে ব্যর্থ হচ্ছেন?

প্রশ্নটি শেষ হওয়ার আগেই বাবর বিরক্তি প্রকাশ করে বলেন, ‘এই অর্থহীন তুলনা এখন শেষ করা দরকার।’ এরপর মাঠের কন্ডিশন এবং পরিস্থিতির দাবি মেনে খেলার দীর্ঘ এক ব্যাখ্যা দিলেও শেষের দিকে নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি।

সরাসরি সেই সাংবাদিকের দিকে ইঙ্গিত করে বাবর বলেন, ‘এটি আপনার একান্তই ভুল ধারণা যে আমি ম্যাচ শেষ করতে পারি না। ক্যারিয়ারে আমি এমন বহু ম্যাচ অপরাজিত থেকে শেষ করে এসেছি।’

যদিও বাবর নিজেকে সফল দাবি করছেন, তবে পরিসংখ্যান বলছে তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ধরণ নিয়ে সমালোচনার অবকাশ রয়েই গেছে। চলতি মৌসুমে দুই ম্যাচে বাবর ১২৬.১৫ স্ট্রাইক রেটে ৮২ রান করেছেন, যেখানে বাউন্ডারির চেয়ে সিঙ্গেল-ডাবলসেই বেশি মনোযোগ ছিল তার।

​অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুটা দূরত্ব বজায় রাখা বিরাট কোহলি আইপিএলের মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে বিধ্বংসী ফর্মে রয়েছেন। বিশেষ করে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে ২০২ রানের পাহাড় ডিঙাতে গিয়ে কোহলির অপরাজিত ৬৯ রানের ইনিংসটি ছিল সেই চিরচেনা ‘চেজ মাস্টারের’ প্রতিফলন। মাত্র ১৫.৪ ওভারে লক্ষ্য টপকানোর পথে কোহলির স্ট্রাইক রেট ছিল ১৭৩.২১।

পারফরম্যান্সে আকাশ-পাতাল পার্থক্য হলেও মাঠের লড়াই ছাপিয়ে এই দুই মহাতারকার ব্যক্তিগত পরিসংখ্যানের তুলনা যে নিকট ভবিষ্যতে থামছে না, করাচির সংবাদ সম্মেলন সেটিই যেন আরও একবার মনে করিয়ে দিল।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

জীবন তড়িৎ কোষে অ্যানোডে ক্রীড়ার উন্মাদনা আর ক্যাথোডে সাহিত্যের স্নিগ্ধ নির্যাস।

Share via
Copy link