সমালোচনা বনাম প্রশংসা

স্রোতে গা ভাসালেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও সাবেক পাকিস্তানি খেলোয়াড় ওয়াকার ইউনুস।

ভারতের সাথে লজ্জাজনক পরাজয়ে একের পর এক ক্রিকেট বিশ্লেষকদের সমালোচনার শিকার হচ্ছে পকিস্তান ক্রিকেট দল। অন্যদিকে প্রশংসার জোয়ারে ভাসছে ভারত। এবার স্রোতে গা ভাসালেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও সাবেক পাকিস্তানি খেলোয়াড় ওয়াকার ইউনুস।

​ভারতের বিপক্ষে ম্যাচে সাত বলে মাত্র পাঁচ রান করে সাজঘরে ফেরেন বাবর। অক্ষর প্যাটেলের একটি সোজা ও নিচু হয়ে আসা ডেলিভারিতে স্লগ করতে গিয়ে স্টাম্প হারান তিনি। তার এই আউটটি নিয়ে নিজের ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে বিশ্লেষণ করেছেন অশ্বিন।

অশ্বিন মনে করেন, সময়ের সাথে আধুনিক ক্রিকেটে নিজেকে বদলাতে ব্যর্থ হয়েছেন বাবর। তিনি বলেন, ‘একজন আন্তর্জাতিক ক্রিকেটারের উচিত নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে তা শুধরে নেওয়া। কিন্তু বাবর তার ব্যাটিংয়ে কোনো পরিবর্তনই আনেননি। ২০২৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে নিজ ভুলে স্লিপে ধরা দিয়েছিলেন, আজও সেই একই ভুলের পুনরাবৃত্তি দেখা গেল। এভাবে চলতে থাকলে বারবার একই কায়দায় তাকে বিদায় নিতে হবে।’

​ম্যাচ পরবর্তী বিশ্লেষণে পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার ওয়াকার ইউনুসও দলের দুর্বলতাগুলো তুলে ধরেছেন। তার মতে, কৌশলগত অদূরদর্শিতাই ডুবিয়েছে পাকিস্তানকে।

তার মতে, সালমান আঘার নেতৃত্বাধীন দলটির বোলিং পরিবর্তনের সিদ্ধান্তগুলো মোটেও সময়োপযোগী ছিল না। সালমান আঘার অধিনায়কত্বের সমালোচনার পাশাপাশি সুরিয়াকুমার যাদবের অধিনায়কত্বের প্রশংসাও করেন তিনি।

ওয়াকার বলেন, ‘ভারত যখনই ১৭৫ রান তুলে ফেলেছিল, তখনই ম্যাচটি পাকিস্তানের হাতের বাইরে চলে যায়। পিচে স্পিন ধরছিল, কিন্তু আমাদের বোলাররা তা কাজে লাগাতে পারেনি। বিপরীতে সুরিয়া ছিলেন দুর্দান্ত, নতুন বল হার্দিক পান্ডিয়ার হাতে তুলে দেওয়া থেকে শুরু করে স্পিনারদের ব্যবহার সবকিছুতেই ভারত এগিয়ে ছিল।’

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link