হার দিয়েই টুর্নামেন্টের ইতি টানল বাংলাদেশ চ্যাম্পিয়নস।শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে প্রোটিয়া লেজেন্ডরা। ব্যাট হাতে জেপি ডুমিনির বিস্ফোরক ইনিংস এবং বল হাতে হারদাস ভিলজোয়েনের বিধ্বংসী বোলিংয়ের সামনে পাত্তাই পায়নি বাংলাদেশ।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রদর্শনী দেখায় প্রোটিয়া ওপেনার ও মিডল অর্ডার ব্যাটাররা। নির্ধারিত ২০ ওভারে তিন উইকেটে ২১০ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায় তারা।

দলের পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৮৯ রান করেন জেপি ডুমিনি। মাত্র ৪৯ বলের এই ইনিংসে সাতটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কলিন ইনগ্রামের ২৫ বলে অপরাজিত ৪০ এবং মরনে ফন উইকের ১৯ বলে ৩০ রানের সুবাদে দুই শত ছাড়ায় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ। বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ একটি করে উইকেট নেন।
২১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ চ্যাম্পিয়নস। প্রোটিয়া বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে পড়ে টাইগার ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়া আরাফাত সানির ব্যাট থেকে আসে ৩১ রান।

দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণে সবচেয়ে বড় ত্রাস হয়ে আসেন হারদাস ভিলজোয়েন। তিন ওভার পাঁচ বলে মাত্র ১৬ রান খরচ করে পাঁচটি উইকেট শিকার করেন তিনি। এছাড়া রবার্ট ফ্রাইলিঙ্ক দুইটি উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেন। শেষ পর্যন্ত ১২২ রানেই অলআউট হয় বাংলাদেশ চ্যাম্পিয়নস।











