ইতিহাসেরও বোধ হয় নিজস্ব এক বৃত্ত থাকে। কখনো কখনো সময়ের দীর্ঘ পরিক্রমায় সেই বৃত্তের শুরু আর শেষ এসে মিলে যায় একই বিন্দুতে। মুশফিকুর রহিমের টেস্ট ক্যারিয়ার যেন তেমনই এক গল্পের দিকে এগোচ্ছে। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে যে যাত্রার সূচনা, ২০২৭ সালে মিরপুরে সেই ইংল্যান্ডের বিপক্ষেই নামবে তার শেষ পর্দা। মাঝখানে পেরিয়ে গেছে প্রায় ২২টি বছর।
২০০৫ সালের ২৬ মে। ক্রিকেটের ঐতিহাসিক প্রাঙ্গণ লর্ডস। মাত্র ১৮ বছর বয়সে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় মুশফিকের। প্রতিপক্ষের বোলিং আক্রমণে ছিলেন ম্যাথু হগার্ড, স্টিভ হার্মিসন, অ্যান্ড্রু ফ্লিনটফ ও সাইমন জোন্সের মতো দুর্ধর্ষ বোলার। প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ছিল মাত্র ১০৮ রান।
সেই বিপর্যয়ের মধ্যেও ৫৬ বল মোকাবিলা করে তিনটি চারের সাহায্যে ১৯ রান করেছিলেন মুশফিক। দ্বিতীয় ইনিংসে তাঁর সংগ্রহ ছিল ৩। পরিসংখ্যানের বিচারে সামান্য এই অবদান, কিন্তু সময়ের বিচারে সেটিই ছিল এক দীর্ঘ অধ্যায়ের প্রথম পঙ্ক্তি।

সেদিনের সেই ইংল্যান্ড আর আজকের ইংল্যান্ড এক নয়। হগার্ড, হার্মিসন কিংবা ফ্লিনটফদের জায়গায় এখন ইংলিশ পেস আক্রমণে উঠে এসেছে জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও জশ টাংয়ের মতো নতুন প্রজন্মের নাম। ২০২৭ সালের সিরিজে কারা থাকবেন, তা এখনো নিশ্চিত নয়।
তবে মুশফিকের শেষ টেস্টে ইংল্যান্ডের নতুন প্রজন্মের বোলারদেরই মুখোমুখি হবেন। সময়ের কী অদ্ভুত পরিহাস! একসময় যাদের পূর্বসূরিদের সামনে নিজের অস্তিত্ব জানান দিতে হয়েছিল, বিদায়ের প্রাক্কালে তাঁদের উত্তরসূরিদের সামনেই দাঁড়াতে হতে পারে তাঁকে।
এই দুই দশকে বাংলাদেশের ক্রিকেটও পাড়ি দিয়েছে দীর্ঘ পথ। ২০০৫ সালে যেখানে প্রতিপক্ষের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাই ছিল বড় চ্যালেঞ্জ, সেখানে ২০১৬ সালে সেই ইংল্যান্ডকেই মিরপুরে ১০৮ রানে পরাজিত করে বাংলাদেশ। এমন ঐতিহাসিক জয়ের দিনে ছিলেন দলের অভিভাবক, অর্থাৎ অধিনায়ক! এই পরিবর্তনের সাক্ষী ছিলেন মুশফিক নিজেই। বরং বলা যায়, বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বিবর্তনের সঙ্গে তাঁর নামটি গভীরভাবে জড়িয়ে আছে!

মুশফিকের ব্যক্তিগত অর্জনের খাতাটি অনেক বেশি সমৃদ্ধ। ১০৮ টেস্টে সাত হাজারের বেশি রান, ১৪টি শতক ও তিনটি দ্বিশতক। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর ২০০ রানের ইনিংস ছিল বাংলাদেশের টেস্ট ইতিহাসের প্রথম দ্বিশতক। ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২১৯ রানের ইনিংসটি তাঁর ক্যারিয়ারের আরেকটি স্মরণীয় অধ্যায়।
ব্যাট হাতে দায়িত্বশীলতা, প্রতিকূল পরিস্থিতিতে অবিচল থাকা এবং দীর্ঘ সময় ধরে দলের নির্ভরতার প্রতীক হয়ে ওঠা, সব মিলিয়ে মুশফিক বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নিজের জন্য নির্মাণ করেছেন এক স্বতন্ত্র অবস্থান।
২০২৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে মিরপুরে মুশফিকের শেষ টেস্টটি তাই নিছক একটি ম্যাচের চেয়ে অনেক বেশি কিছু। এটি হবে দীর্ঘ এক ক্রিকেটীয় অভিযাত্রার সমাপ্তি, অসংখ্য উত্থান-পতনের সাক্ষী একজন ক্রিকেটারের বিদায়বেলা। লর্ডসের সেই তরুণ আর আজকের মুশফিকের মধ্যে ব্যবধান কেবল বয়সের নয়, অভিজ্ঞতা, অর্জন ও দায়িত্বেরও।

তবে একজনের বিদায় মানেই তো পথচলার সমাপ্তি নয়। সময়ের নিয়মেই এক প্রজন্মের জায়গায় আসে আরেক প্রজন্ম। মুশফিক যাওয়ার আগে রেখে যাচ্ছেন আরেকজন মুশফিক হওয়ার সম্ভাবনা, তাঁরই বগুড়ার ছেলে, ঘরের কাছের মানুষ তাওহীদ হৃদয়কে। অবশ্য হৃদয়কে এখনই মুশফিকের উত্তরসূরি কিংবা বিকল্প আখ্যা দেওয়া অকালপক্বতা হবে।
কিন্তু তাঁর মধ্যে যে সম্ভাবনার বীজ রয়েছে, সেটি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রত্যাশা জাগায়।
মুশফিকুর রহিম কেবল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এক অনন্য আইকনিক ফিগার! টেস্টের আভিজাত্য, ধৈর্য, সংযম ও দীর্ঘস্থায়িত্বকে তিনি ধারণ করেছিলেন নিজের ক্রিকেটীয় সত্তায়।

সীমিত টেস্ট সূচি কিংবা বিশ্ব র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা একটি দলের প্রতিনিধি হয়েও ১০৮টি টেস্টে অংশগ্রহণ তাঁর অসামান্য ধারাবাহিকতা, অধ্যবসায় ও নিবেদনেরই অনুপম দৃষ্টান্ত।
লর্ডসের সেই ১৯ রান হয়তো মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের গল্পের সূচনাবিন্দু হিসেবে তা বিশেষ তাৎপর্য বহন করে। ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই যদি শেষবারের মতো টেস্ট ব্যাট হাতে মাঠে নামেন তিনি, তবে তা হবে এক অনন্য বৃত্তের পূর্ণতা। মুশফিক হয়তো বিদায় নেবেন, কিন্তু রেখে যাবেন রেকর্ড, স্মৃতি, সংগ্রাম আর উত্তরসূরিদের জন্য এক দীর্ঘ পথের দিশা।











