বাংলাদেশ ক্রিকেটের দীর্ঘ এক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে। আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আসছে ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। বিসিবি সভাপতি তামিম ইকবাল শনিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকা সফর থেকে দেশে ফেরার পরই নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছেন দেশের ক্রিকেটের এই জীবন্ত কিংবদন্তি! জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরটিই হয়ে রইল তাঁর শেষ বিদেশ সফর। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই শেষ হবে তাঁর পথচলা।
২০০৫ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকের। প্রায় ২২ বছর পর সেই ইংল্যান্ডের বিপক্ষেই শেষ হতে যাচ্ছে তাঁর টেস্ট অধ্যায়। নিয়তির কী অদ্ভুত এক বৃত্ত! যে প্রতিপক্ষের বিপক্ষে শুরু, সেই প্রতিপক্ষের বিপক্ষেই সমাপ্তি!

শুরুটা অবশ্য খুব সহজ ছিল না। প্রথম পাঁচ বছরে ১৬টি টেস্ট খেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি। কিন্তু সময়ের সঙ্গে নিজেকে বদলেছেন, শিখেছেন, করেছেন প্রতিষ্ঠিত! হয়েছেন দেশের অন্যতম সেরা ব্যাটার।
এখন পর্যন্ত ১০৮টি টেস্টে ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান ও সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডও তাঁর দখলে। রয়েছে ১৪টি সেঞ্চুরি। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। পরে আরও দুবার এই কীর্তি গড়েছেন তিনি। উইকেটকিপার ব্যাটার হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি করা বিশ্বের একমাত্র ক্রিকেটারও মুশফিক!
শুধু ব্যাটার হিসেবেই নয়, অধিনায়ক হিসেবেও রেখেছেন অবদান। ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত ৩৪টি টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি। তাঁর অধিনায়কত্বে সাতটি টেস্ট জয়ের পাশাপাশি নয়টি ম্যাচ ড্র করেছে বাংলাদেশ। ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক প্রথম টেস্ট জয় এসেছিল তাঁর নেতৃত্বেই। পরের বছর অস্ট্রেলিয়াকে হারানো এবং শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্টে জয়, দুটি স্মরণীয় অর্জনের সঙ্গেও জড়িয়ে আছে তাঁর নাম!

ব্যক্তিগত অর্জনের পাশাপাশি মুশফিকের সবচেয়ে বড় পরিচয় সম্ভবত তাঁর লড়াকু মানসিকতা। আর তাইতো ভক্তদের কাছে তিনি, ‘মিস্টার ডিপেন্ডেবল’।
মুশফিকের বিদায়ের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটে একটি প্রজন্মের শেষ প্রতিনিধিদের একজনও বিদায় নিতে যাচ্ছেন। একসময় যাঁদের ঘিরে বাংলাদেশের ক্রিকেটের স্বপ্ন, আবেগ আর প্রত্যাশা তৈরি হয়েছিল, সেই পঞ্চপাণ্ডবের একজন তিনি।
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম, এই পাঁচ ক্রিকেটার বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন।

তবে পঞ্চপাণ্ডবদের মধ্যে মাঠ থেকে সম্মানজনক, বর্ণাঢ্য বিদায়টা বোধহয় মুশফিকুর রহিমেরই হতে যাচ্ছে। নিজের সিদ্ধান্তে, নিজের পছন্দের সময়সীমায় এবং ঘরের দর্শকদের সামনে শেষবারের মতো সাদা পোশাকে মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। একজন ক্রিকেটারের জন্য এর চেয়ে সুন্দর সমাপ্তি আর কী হতে পারে!











