কাল আপনার সন্তানের টেস্ট অভিষেক! জীবনের এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে বাবা হিসেবে ছেলেকে কী বলে সাহস দেবেন? বলবেন, ‘ভয় পেয়ো না, নিজের স্বাভাবিক খেলাটা খেলো’? নাকি ‘তুমি পারবে, আত্মবিশ্বাস রাখো’? দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জিমি কুক অবশ্য মোটিভেশনের চেনা বুলি আওড়াননি। ছেলেকে সোজাসাপ্টা বলেছিলেন, ‘প্রথম বলে আউট না হলেই তুমি আমার চেয়ে ভালো!’
বাবা তো আসলে বটবৃক্ষ। তাঁর ছায়ায় সন্তান নিশ্চিন্তে বেড়ে ওঠে। আর সেই বাবা যখন এমন কায়দায় সাহস জোগান, তখন সফল না হয়ে উপায় কী! স্টিফেন কুকও যেন বাবার সেই চ্যালেঞ্জটা বেশ ভালোভাবেই নিয়েছিলেন। শুধু প্রথম বলে টিকে থাকেননি, অভিষেকেই হাঁকিয়েছিলেন সেঞ্চুরি।
তবে বাবা-ছেলের এই গল্পের শুরুটা একটু পেছন থেকে জানা যাক। ১৯৯২ সালের ১৩ নভেম্বর। দক্ষিণ আফ্রিকার ডারবানে ভারতের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক জিমি কুকের। বয়স তখন ৩৯। দীর্ঘ অপেক্ষার পর দেশের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়েছেন, স্বাভাবিকভাবেই স্মরণীয় হওয়ার কথা সেই দিনটি।

কিন্তু প্রত্যাশার ছিঁটেফোঁটাও হলো না। ভারতের হয়ে প্রথম বলটি করলেন কিংবদন্তি কপিল দেব। আর সেই বলেই স্লিপে শচীন টেন্ডুলকারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন জিমি। নামের পাশে শূন্য, বল খেলেছেন মাত্র একটি। টেস্ট অভিষেকের প্রথম বলেই গোল্ডেন ডাক!
বাবার সেই অভিষেকের প্রায় ২৩ বছর পর, ২০১৬ সালের ২২ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরিয়নে টেস্ট অভিষেক হয় ছেলে স্টিফেন কুকের। বয়স তখন ৩৩। অভিষেকের আগের রাতে বাবার সঙ্গে কথা হয়েছিল তাঁর। সেখানেই জিমি দিয়েছিলেন সেই মজার মোটিভেশন, ‘প্রথম বলে আউট না হলেই তুমি আমার চেয়ে ভালো!’
মাঠে নেমে বাবার কথার জবাবটা দিতে একটুও দেরি করেননি স্টিফেন। ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার জেমস অ্যান্ডারসনের বলে নিজের প্রথম বলেই খেলেছিলেন দারুণ এক শট, বল ছুটে গিয়েছিল সীমানার বাইরে। চার! বাবার গোল্ডেন ডাকের বিপরীতে ছেলের শুরুটা হলো বাউন্ডারিতে! এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। হাশিম আমলার সঙ্গে দ্বিতীয় উইকেটে গড়েন ২০২ রানের জুটি। আমলা করেন ১০৯, আর স্টিফেনের ব্যাট থেকে আসে ১১৫ রান! অভিষেকেই সেঞ্চুরি করে টেস্ট ইতিহাসের শততম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

দিনশেষে নিজের সেঞ্চুরিটা বাবাকেই উৎসর্গ করেছিলেন স্টিফেন। বলেছিলেন, ছোটবেলা থেকে বাবা তাঁকে অসংখ্য বল ছুড়ে দিয়েছেন, বোলিং মেশিনে অনুশীলনের সুযোগ করে দিয়েছেন। ক্রিকেটার হয়ে ওঠার পেছনে বাবার অবদান ছিল অনেকখানি। তাই অভিষেকের সেই সেঞ্চুরি ছিল বাবার জন্যই। জিমি নিজের টেস্ট অভিষেকে যে সেঞ্চুরিটা পাননি, ছেলে যেন সেটিই উপহার দিলেন তাঁকে!











