পেসারদের নিয়ে ভারতের দুশ্চিন্তা!

বেসিন রিজার্ভে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শুভমান গিলের দলকে। এবার সামনে হ্যাগলি ওভাল। যেখানে পেসারদের জন্য অপেক্ষা করছে বাড়তি সহায়তা। কিন্তু এই মাঠে নিউজিল্যান্ডকে সামলাতে গিয়ে নিজেদের বোলিং আক্রমণে কাদের ওপর ভরসা রাখবে ভারত?

এক টেস্টের ক্লান্তি কাটিয়ে উঠতেই আরেক টেস্টের চ্যালেঞ্জ। মাঝখানে সময় মাত্র তিন দিন। তার ওপর প্রথম টেস্টে ২৪১ ওভার বোলিং করে শরীরের ওপর ধকল গেছে ভারতের পেসারদের। বেসিন রিজার্ভে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শুভমান গিলের দলকে। এবার সামনে হ্যাগলি ওভাল। যেখানে পেসারদের জন্য অপেক্ষা করছে বাড়তি সহায়তা। কিন্তু এই মাঠে নিউজিল্যান্ডকে সামলাতে গিয়ে নিজেদের বোলিং আক্রমণে কাদের ওপর ভরসা রাখবে ভারত?

দ্বিতীয় টেস্টের আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি ছোট্ট বার্তাই যেন সবকিছু পরিষ্কার করে দিয়েছে। মঙ্গলবার সকালে বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, সেদিন দলের কোনো অনুশীলন কিংবা সংবাদ সম্মেলন হবে না। দুই টেস্টের মাঝখানে বিরতি মাত্র তিন দিনের। এর মধ্যে একটি দিন ভ্রমণের জন্য নির্ধারিত। ফলে বেসিন রিজার্ভে দীর্ঘ সময় মাঠে কাটানোর পর ক্রিকেটারদের বিশ্রাম দেওয়াকেই অগ্রাধিকার দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। একটিমাত্র অনুশীলন সেশন করেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শেষ করবে ভারত।

তবে বিশ্রামের পাশাপাশি এখন সবচেয়ে বড় চিন্তা একাদশ নির্বাচন। প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল ভারত। জাসপ্রিত বুমরাহ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা ও আনশুল কম্বোজ—চারজন মিলে বল করেছেন ১৮২ ওভার। এর মধ্যে বুমরাহর ঝুলিতে ছিল ৪৯ ওভার। প্রসিদ্ধ ও কম্বোজ করেছেন ৪৫ ওভার করে, আকাশ দীপের বোলিং ছিল ৪৩ ওভার। অর্থাৎ চার পেসারকেই সামলাতে হয়েছে বিশাল কর্মযজ্ঞ।

তবে হ্যাগলি ওভালের ইতিহাস বলছে, এখানে পেসারদের বাদ দিয়ে অন্য কোনো সমীকরণ ভাবার সুযোগ খুব বেশি নেই। এই মাঠে অনুষ্ঠিত ১৫টি টেস্টে মোট ৪৮৪ উইকেটের মধ্যে ৪৪৪টিই শিকার করেছেন পেসাররা। শতকরা হিসাবে যা ৯১.৭ শতাংশ! এমন পরিসংখ্যানের পর চার পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনাই বেশি ভারতের। কিন্তু আগের চারজনের ওপরই কি আবার ভরসা রাখবেন গিল?

আলোচনায় এসেছে আনশুল কম্বোজের জায়গায় গুরনুর ব্রারের অভিষেকের সম্ভাবনা। প্রথম টেস্টে ব্যাট ও বল হাতে কম্বোজের পারফরম্যান্স মন্দ ছিল না। কিন্তু পুরোনো বলে নিউজিল্যান্ডের ব্যাটাররা যখন উইকেটে থিতু হয়ে যান, তখন কার্যকর বৈচিত্র্যের অভাব দেখা গেছে তাঁর বোলিংয়ে। অন্যদিকে গুরনুর ব্রার ওয়ানডে সিরিজে দারুণ পারফরম্যান্স করে হয়েছেন সিরিজসেরা। এবার কি সরাসরি টেস্ট অভিষেকের অপেক্ষায় তিনি?

শুধু নতুন মুখ নয়, অভিজ্ঞ মোহাম্মদ সিরাজের ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও সাম্প্রতিক ফর্ম ও অনুশীলনে পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া গিল-গম্ভীরের নতুন ভারতীয় দলে এখনো নির্বাচকদের আস্থা পুরোপুরি অর্জন করতে পারেননি সিরাজ। তবে তাঁর পক্ষে রয়েছে দুর্দান্ত একটি পরিসংখ্যান। ২০২০ সাল থেকে সেনা দেশগুলোতে ভারতের পাওয়া নয়টি টেস্ট জয়ের প্রতিটিতেই একাদশে ছিলেন সিরাজ। শুধু অংশগ্রহণ নয়, গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে অবদানও রেখেছেন তিনি। এমন অভিজ্ঞতাকে কি হ্যাগলির মতো গুরুত্বপূর্ণ ম্যাচে উপেক্ষা করতে পারবেন গিল?

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টের লড়াইয়ে দুই দলের কাছেই এই টেস্টের গুরুত্ব অনেক। সামনে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফর, অন্যদিকে ভারতের ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজ। তাই ড্রয়ের হতাশা পেছনে ফেলে এবার জয়ের খোঁজে নামবে দুই দল। আর সেই লড়াইয়ে ভারতের সবচেয়ে বড় অস্ত্র হতে পারে তাদের পেস আক্রমণ। প্রশ্ন শুধু একটাই, হ্যাগলিতে বুমরাহদের সঙ্গী হবেন পুরোনো নির্ভরতা সিরাজ, নাকি নতুন চমক গুরনুর ব্রার?

লেখক পরিচিতি

স্টাফ রিপোর্টার

Share via
Copy link