সিরিজে জুড়েই দৃশ্যমান ছিল রবিনের প্রস্তুতির ঘাটতি!

মাহফিজুলদের মতো ব্যাটাররা এভাবে হারাতে থাকলে বাংলাদেশে অভিজ্ঞ খেলোয়াড় তৈরি হবে না। নতুন কেউ আসবে, কিছুদিন থাকবে, আবার হারাবে, আর দলের জন্য তৈরি হবে শুধু ব্যর্থতার গল্প। তাই আগে তাঁকে গড়ে তোলা হোক, প্রস্তুত করা হোক, তারপর জাতীয় দলে সুযোগ দেওয়া হোক।

টেস্ট ক্রিকেটের দরজা অনেক সময় নিষ্ঠুরভাবে খোলে, যেখানে স্বপ্ন আর দুঃস্বপ্ন দাঁড়িয়ে থাকে একই ক্রিজে। মাহফিজুল ইসলাম রবিনের অভিষেকটাও ছিল তেমন, প্রথম বলেই ফিরতে হয়েছিল ড্রেসিংরুমে। তবু সেই শূন্য থেকে উঠে দাঁড়ানোর একটা চেষ্টা ছিল, আর সেটাই এই সিরিজে তাঁকে আলাদা করে দেখার মতো করেছে।

ন্যাশনাল ক্রিকেট লিগে ভালো রানের পুরস্কার হিসেবেই তাঁর ডাক পাওয়া। ডানহাতি এই ব্যাটারের সঙ্গে নাঈম শেখও ডাক পেয়েছিলেন, কিন্তু একাদশে জায়গা পেয়েছেন রবিন। জোহানেসবার্গে প্রথম ইনিংসে গোল্ডেন ডাক, দ্বিতীয় ইনিংসে ৩২। সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে ২৩ রানে বোল্ড, দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে এলবিডব্লিউ। চার ইনিংসে মোট ৯৩ রান।

সংখ্যার চেয়েও বেশি চোখে লেগেছে তাঁর ক্রিজে থাকার ইচ্ছাটা। কিন্তু সেই ইচ্ছার পাশে অপ্রস্তুতিও স্পষ্ট ছিল। যে দুবার ত্রিশ পেরিয়েছেন, কয়েকবার জীবন পেয়েছেন। এজ থেকে কখনো বাউন্ডারি এসেছে, আবার সেই এজ থেকেই আউট হয়েছেন। লেন্থ না বুঝে বোল্ডও হয়েছেন। শেষ আউটটা ধরলেই বোঝা যায়, বলটা খেলবেন না ছাড়বেন, সিদ্ধান্ত নিতে নিতেই বল লেগেছে পায়ে। টেকনিকে ছোটখাটো সমস্যা আছে, কিন্তু বড় সমস্যা হলো তাঁকে হুট করে এমন কন্ডিশনে নামিয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনি প্রস্তুত ছিলেন না।

প্রশ্নটা তাই রবিনের একার নয়, প্রক্রিয়ার। জাতীয় লিগে ভালো করবে, এরপর এইচপি আর এ দলের সঙ্গে বিভিন্ন সফর করবে, তারপর জাতীয় দলের রিজার্ভে থেকে শিখবে কোন পরিস্থিতিতে কী করতে হয়। রবিনের বেলায় প্রথম দুটো ধাপ কিছুটা হয়েছে। এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকায় গিয়েছিলেন, কিন্তু সেই সফরে তেমন কিছুই করতে পারেননি। তবু যে দক্ষিণ আফ্রিকায় এ দলের হয়ে পারফর্ম করতে পারেননি, সেই দক্ষিণ আফ্রিকাতেই তাঁকে টেস্ট অভিষেক করানো হলো। এ দলের সফরে যে কন্ডিশনে ব্যর্থ হয়েছেন, ঠিক সেখানেই জাতীয় দলের হয়ে সরাসরি পরীক্ষায় বসিয়ে দেওয়া হলো। আর তৃতীয় ধাপটা তো বাদই গেছে। জাতীয় দলের সঙ্গে থেকে বিশ্বসেরা বোলাররা কীভাবে বল করে, চাপ কীভাবে সামলায়, সেটা বোঝার সময় না দিয়েই তাঁকে নামিয়ে দেওয়া হয়েছে তাদের সামনে।

নির্বাচকদের এই আচরণ নতুন নয়। আগেও অনেক ব্যাটারের সঙ্গে এমন হয়েছে, তারা দলে থিতু হতে পারেননি, একসময় হারিয়ে গেছেন জাতীয় দলের রাডার থেকেই। মাহফিজুলদের মতো ব্যাটাররা এভাবে হারাতে থাকলে বাংলাদেশে অভিজ্ঞ খেলোয়াড় তৈরি হবে না। নতুন কেউ আসবে, কিছুদিন থাকবে, আবার হারাবে, আর দলের জন্য তৈরি হবে শুধু ব্যর্থতার গল্প। তাই আগে তাঁকে গড়ে তোলা হোক, প্রস্তুত করা হোক, তারপর জাতীয় দলে সুযোগ দেওয়া হোক।

Share via
Copy link