টানা দশ জয়ে পুরোনো ছন্দে মরিনহোর রিয়াল

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে আবারও টানা জয়ের সেই পুরোনো ছন্দ ফিরে এসেছে। হোসে মরিনহোর অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দশটি ম্যাচ জিতেছে লস ব্লাঙ্কোসরা।

দীর্ঘ প্রতীক্ষার পর রিয়াল মাদ্রিদের ডাগআউটে আবারও টানা জয়ের সেই পুরোনো ছন্দ ফিরে এসেছে। হোসে মরিনহোর অধীনে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা দশটি ম্যাচ জিতেছে লস ব্লাঙ্কোসরা। এর ফলে ১ হাজার ৫২৮ দিন পর রিয়াল মাদ্রিদ টানা এমন জয়ের ধারা স্পর্শ করল। এর আগে সর্বশেষ ২০২২ সালের সেপ্টেম্বরে কার্লো আনচেলত্তির হাত ধরে টানা দশ ম্যাচ জয়ের কীর্তি গড়েছিল দলটি।

মৌসুমের শুরুতে কিছুটা নড়বড়ে শুরুর পর মরিনহোর প্রত্যাবর্তন নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঠেছিল। কিন্তু সমালোচনার জবাব মাঠেই দিচ্ছেন ‘দ্য স্পেশাল ওয়ান’। তিনি যে সহজে হতাশ করতে জানেন না, তা আবারও স্পষ্ট।

তাঁর সাজানো ট্যাকটিকাল ছক এখন দারুণভাবে বাজিমাত করছে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সঠিক সময়ে করা সাবস্টিটিউটগুলো বদলে দিচ্ছে খেলার দৃশ্য। সেই সঙ্গে সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে এসেছে রিয়াল মাদ্রিদের চিরচেনা কামব্যাক মেন্টালিটি। পিছিয়ে পড়েও হাল না ছেড়ে ঘুরে দাঁড়ানোর অদম্য জেদ।

বিরতির টিম টক নিয়েও নিজের স্বভাবসুলভ রসবোধ ও গোপনীয়তার বার্তা দিয়েছেন মরিনহো। ড্রেসিংরুমের ভেতরের কথা বাইরে না আনার ইঙ্গিতে তিনি বলেন, ‘ড্রেসিংরুম অনেকটা লাস ভেগাসের মতো। ভেগাসে যা ঘটে, তা ভেগাসেই থেকে যায়।’ আড়ালের সেই কৌশল আর প্রেরণার বার্তাই যেন মাঠের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের খেলার মোড় বদলে দিচ্ছে।

গত ২০ সেপ্টেম্বর লা লিগায় অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে হারের পর থেকেই যেন নতুন করে জেগে ওঠে রিয়াল মাদ্রিদ। সেই ধাক্কা সামলে একের পর এক ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার পাশাপাশি লিগ শিরোপা ও ইউরোপীয় লড়াইয়ে শক্ত অবস্থান তৈরি করেছে মরিনহোর শিষ্যরা।

পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ৫-১ গোলের বড় জয়ে টানা দঅশ জয়ের মাইলফলক পূর্ণ করে রিয়াল মাদ্রিদ। এর আগে লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ২-১ ব্যবধানের জয়ে টানা নয় ম্যাচ জয়ের ধারা ছুঁয়েছিল তারা, যেখানে শুরুতে পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জয়ের পথ খুঁজে নিয়েছিল দলটি।

কৌশলগত শৃঙ্খলা, বেঞ্চের কার্যকর ব্যবহার এবং কঠিন ম্যাচ থেকেও ফল বের করে আনার মানসিকতা – সব মিলিয়ে বার্ন্যাবউয়ে মরিনহোর এই অধ্যায় এখন জয়ের ধারাবাহিকতায় ভর করে আরও গতিশীল হয়ে উঠেছে। চার বছর আগের আনচেলত্তির সেই সোনালি ধারাকে ছোঁয়ার এই সাফল্য মরিনহোর বর্তমান রিয়াল মাদ্রিদের ছন্দ ও আত্মবিশ্বাসেরই বড় প্রমাণ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

Share via
Copy link