ক্রিকেটের একঝাঁক কিংবদন্তি এক পরিবারে

একটি পরিবারের সদস্যদের ডাকনাম যদি হয় ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ কিংবা ব্রায়ান লারা, তবে সেই পরিবারকে ক্রিকেটের হল অব ফেম বললে খুব একটা বাড়াবাড়ি বোধহয় হবে না। শুনতে মনে হবে, ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের নিয়ে সাজানো কোনো কাল্পনিক আখ্যান। অথচ শ্রীলঙ্কার এক পরিবারের বাস্তব পরিচয়ই এমন বিস্ময়কর! সেখানে ক্রিকেটের মহাতারকাদের নাম কেবলই ইতিহাসের পাতায় না, পরিবারের নিত্যদিনের ডাকাডাকিতে বেঁচে আছে!

একটি পরিবারের সদস্যদের ডাকনাম যদি হয় ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ কিংবা ব্রায়ান লারা, তবে সেই পরিবারকে ক্রিকেটের হল অব ফেম বললে খুব একটা বাড়াবাড়ি বোধহয় হবে না। শুনতে মনে হবে, ক্রিকেট ইতিহাসের কিংবদন্তিদের নিয়ে সাজানো কোনো কাল্পনিক আখ্যান। অথচ শ্রীলঙ্কার এক পরিবারের বাস্তব পরিচয়ই এমন বিস্ময়কর! সেখানে ক্রিকেটের মহাতারকাদের নাম কেবলই ইতিহাসের পাতায় না, পরিবারের নিত্যদিনের ডাকাডাকিতে বেঁচে আছে!

আরও বিস্ময়কর ব্যাপার, কিংবদন্তিদের নামের এই পরিবার থেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন বুনছে সবচেয়ে ছোট সদস্যটি। তার নাম টনি গ্রেইগ। ১৯ বছর বয়সী এই তরুণের নাম শুনে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক টনি গ্রেইগের কথা মনে পড়া স্বাভাবিক। তবে ইংলিশ ক্রিকেটের সেই কিংবদন্তির সঙ্গে তার কোনো আত্মীয়তার সূত্র নেই। সম্পর্কটা কেবল নামের। কিন্তু তার পরিবারের অন্য সদস্যদের নাম জানলে বিস্ময়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে যাবে!

তার ভাইদের নাম ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ ও ল্যারি গোমস। কাজিনদের মধ্যে রয়েছেন ব্রায়ান লারা, ব্রেট লি ও ফ্লেমিং। একটি পরিবারের সদস্যদের পরিচয় দিতে গিয়েই ক্রিকেটের ভিন্ন ভিন্ন যুগের মহাতারকাদের নাম এসে যায়। আর এই অভাবনীয় নামকরণের নেপথ্যে রয়েছেন একজন ক্রিকেটপ্রেমী বাবা, যার ভালোবাসার পরিধি ছড়িয়ে ছিল ক্রিকেটের সীমানাজুড়ে!

টনির বাবা জোসেফ লিও ডমিনিক ক্রিকেটের এক নিবেদিতপ্রাণ অনুরাগী। ক্রিকেটের প্রতি তার অনুরাগ এতটাই গভীর ছিল যে সন্তানদের নামকরণের ক্ষেত্রেও কিংবদন্তিদের বেছে নিয়েছিলেন তিনি। ২০০৭ সালে, ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের বছরে জন্ম টনির। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি মুগ্ধ হয়ে ছেলের নাম রাখতে চেয়েছিলেন ‘ধোনি গ্রেইগ’। কিন্তু পরিবারের তামিল ভাষাগত প্রেক্ষাপটে নামটির উচ্চারণ ও বানান বদলে শেষ পর্যন্ত সেটি হয়ে যায় ‘টনি গ্রেইগ’। এভাবেই এক শিশুর নামের সঙ্গে জড়িয়ে যায় ক্রিকেটের দুই কিংবদন্তির নাম, ধোনি ও গ্রেইগ!

অথচ শৈশবে নিজের নাম কিংবা ভাইদের নামের সঙ্গে ক্রিকেট ইতিহাসের এই নিবিড় যোগসূত্র সম্পর্কে টনির কোনো ধারণাই ছিল না। ডন ব্র্যাডম্যান তার কাছে সর্বকালের সেরা ব্যাটার ছিলেন না, স্টিভ ওয়াহ ছিলেন না অস্ট্রেলিয়ার প্রবাদপ্রতিম অধিনায়ক। তারা ছিল শুধুই তার ভাই। নামের আড়ালে লুকিয়ে থাকা ক্রিকেটীয় কিংবদন্তির সঙ্গে পরিচয় ঘটেছে অনেক পরে।

ক্যান্ডিতে লেদার বলের ক্রিকেটে হাতেখড়ির পর সেই পরিচয় যেন নতুন মাত্রা পায়। মাঠে কিংবা মাঠের বাইরে কারও কাছে নিজের নাম ও পরিবারের সদস্যদের পরিচয় তুলে ধরলেই বিস্ময় আর কৌতূহলের মুখোমুখি হতে হয় তাকে। কেউ জানতে চান, সত্যিই তার ভাইয়ের নাম ডন ব্র্যাডম্যান? কেউ স্টিভ ওয়াহর নাম শুনে বিশ্বাস করতে চান না। প্রতিবারই এমন প্রশ্নের মুখে টনির সামনে উন্মোচিত হয় ক্রিকেট ইতিহাসের এসব ঘটনা!

ধীরে ধীরে সে জানতে পারে, কেন ডন ব্র্যাডম্যান ক্রিকেটের ইতিহাসে এক অনতিক্রম্য উচ্চতায় অধিষ্ঠিত, কেন স্টিভ ওয়াহ অস্ট্রেলিয়ার অন্যতম সফল অধিনায়ক, কিংবা কেন ব্রায়ান লারা ও ব্রেট লি নিজেদের সময়ের ক্রিকেটে স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। পরিবারের সদস্যদের নামই হয়ে ওঠে ক্রিকেটের ইতিহাস জানার এক অদ্ভুত জানালা।

তবে কিংবদন্তিদের নামের এই পারিবারিক আবহে টনির ক্রিকেটযাত্রা মোটেও মসৃণ নয়। নামের সঙ্গে জড়িয়ে আছে ইতিহাসের বিপুল গৌরব, কিন্তু সেই গৌরব তার ব্যক্তিগত অর্জন নয়। আর্থিকভাবে অসচ্ছল নুয়ারা এলিয়ার এক পরিবার থেকে উঠে আসা এই তরুণ জানে, ক্রিকেটে নিজের জায়গা করে নিতে হলে নামের পরিচিতি নয়, মাঠের পারফরম্যান্সই হবে তার প্রকৃত পরিচয়।

বর্তমানে কলম্বোর তামিল ইউনিয়ন ক্রিকেট অ্যান্ড অ্যাথলেটিক ক্লাবের হয়ে খেলছে টনি। ক্লাব ক্রিকেটে নিজের গতি আর সামর্থ্য দিয়ে নজর কাড়ার চেষ্টা করছে সে। কিংবদন্তিদের নামের ভার কাঁধে নিয়ে নয়, বরং নিজের প্রতিভা আর পরিশ্রমের জোরে ক্রিকেটে একটি পরিচিত মুখ হয়ে ওঠাই তার লক্ষ্য।

একদিন যদি সত্যিই শ্রীলঙ্কার জার্সিতে মাঠে নামতে পারে টনি, দৃশ্যটা কেমন হবে? গ্যালারিতে বসে থাকবে সেই পরিবার, যে পরিবারের নাম উচ্চারণ করতে গিয়ে ক্রিকেট ইতিহাসের একাধিক অধ্যায় স্মরণ করতে হয়। ডন ব্র্যাডম্যান, স্টিভ ওয়াহ, ল্যারি গোমস, ব্রায়ান লারা, ব্রেট লি। সবাই-ই এক পরিবারের আপনজন!

ক্রিকেটের ইতিহাসের এত সব কিংবদন্তি নামের ভিড়ে সেদিন থেকেই হয়তো একজন নতুন কিংবদন্তিরও গল্প শুরু হয়ে যেতে পারে। টনি গ্রেইগ। তবে কিংবদন্তি ধার করে নয়, নিজের গল্পের নায়ক হয়ে।

লেখক পরিচিতি

আল ওয়াসি তালুকদার

সাব এডিটর

Share via
Copy link