প্রতিভা, লড়াই আর বিতর্কের মিশেল

ক্রিকেটের সবুজ গালিচায় আহমেদ শেহজাদের জীবনকাহিনি এক রোমাঞ্চকর ও দ্বন্দ্বমুখর উপন্যাস, যেখানে আলোর ঝলকানির পাশে বারবার ছায়া ফেলেছে নাটকীয় সব ঘটনা।

আবুধাবির তপ্ত দুপুরে কোরি অ্যান্ডারসনের গতিময় বাউন্সারটা আছড়ে পড়েছিল হেলমেটের পাশে। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়া আহমেদ শেহজাদ আবারও উইকেটে দাঁড়ালেন, তখনো তাঁর চোখে ছিল অদম্য জেদ। সেই ইনিংসে তিনি করেছিলেন ১৭৬ রান, যদিও শেষমেশ রক্তাক্ত সংগ্রামের ইতি টানতে হয়েছিল ‘হিট উইকেট’ হয়ে। ক্রিকেটের সবুজ গালিচায় আহমেদ শেহজাদের জীবনকাহিনি ঠিক এমনই এক রোমাঞ্চকর ও দ্বন্দ্বমুখর উপন্যাস, যেখানে আলোর ঝলকানির পাশে বারবার ছায়া ফেলেছে নাটকীয় সব ঘটনা।

১৯৯১ সালের ২৩ নভেম্বর জন্ম নেওয়া এই উদ্বোধনী ব্যাটসম্যান শৈশব থেকেই বেপরোয়া আক্রমণের ছন্দ নিয়ে বড় হয়েছেন। ২০০৯ সালে জাতীয় দলে অভিষেকের পরই বড় মঞ্চের চাপ জয় করার ইঙ্গিত দেন এবং সেই বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য হন।

পরবর্তীতে ক্রিকেটের তিন সংস্করণেই শতক হাঁকানো প্রথম পাকিস্তানি হিসেবে ইতিহাস গড়েন তিনি। ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ১১১ রানের ঝড়ো ইনিংস তাঁর সীমিত ওভারের শ্রেষ্ঠত্বকে অমর করে রেখেছে। এর আগে ২০১১-১২ বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে ফ্র্যাঞ্চাইজি মঞ্চেও নিজের জাত চিনিয়েছিলেন। এমনকি ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা দুটি শতক হাঁকিয়েও তিনি দেখিয়েছিলেন, ছন্দে ফিরলে কতটা বিধ্বংসী হতে পারেন। ভারতের ছিল বিরাট কোহলি, পাকিস্তানও গর্ব করে বলতে পারত আমাদের আহমেদ শেহজাদ আছে।

তবু নিয়তির পরিহাসে প্রতিভা আর ধারাবাহিকতার মাঝে দূরত্ব তৈরি হয়। ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে চলাকালে তিলকরত্নে দিলশানের সঙ্গে কথার লড়াই ও বিতর্কিত আচরণের ঘটনা তাঁর ক্যারিয়ারের অস্থিরতাকে সামনে আনে।

২০১৮ সালে ডোপ টেস্টে ব্যর্থ হয়ে চার মাসের নিষেধাজ্ঞা এবং ২০১৯ সালে কায়েদ-ই-আজম ট্রফিতে বল-টেম্পারিংয়ের অভিযোগ তাঁর ক্যারিয়ারের অন্ধকার অধ্যায়কে আরও ভারী করে। মাঠের ভেতর-বাইরের নানা বিতর্ক, ফিটনেস ঘাটতি ও শৃঙ্খলাজনিত ইস্যুতে বারবার দল থেকে ছিটকে পড়েন তিনি।একসময় যাঁকে ভবিষ্যতের কান্ডারি ভাবা হতো, সময়ের স্রোতে তিনি জাতীয় দলের আঙিনা থেকে দূরে সরে যান।

আহমেদ শেহজাদের জীবন তাই কেবল পরিসংখ্যান বা শতকের খতিয়ান নয়। এটি অপূর্ণ সম্ভাবনার আক্ষেপ, রক্তাক্ত লড়াইয়ের সাহস আর বিতর্কের এক মিশ্র আখ্যান। ক্রিকেটের ইতিহাসে তিনি রয়ে গেছেন এমন এক চরিত্র হয়ে, যাঁর ব্যাটে রাজকীয় দ্যুতি ছিল, অথচ সময়ের সাথে তা খয়ে খয়ে গেছে।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link