জয় মিললেও বার্সেলোনার রক্ষণে বড় শঙ্কা

ব্যাকলাইনের এমন ভঙ্গুরতা নিয়ে লা লিগায় কোনোমতে পার পাওয়া গেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) বড় পরীক্ষায় যে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে, তা স্পষ্ট।

ম্যাচের শুরুতেই দশ মিনিটে দুই গোল হজম করে চাপে পড়ে গিয়েছিল বার্সেলোনা। তবে সেই ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে নিয়েছে কাতালানরা। মৌসুমের এই পর্যায়ে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান খোয়ালে লিগ দৌড়ে বড় বিপদ হতো, কিন্তু ভিয়ারিয়ালের বিপক্ষে লড়াই জমিয়ে তুলে আপাতত সেই শঙ্কা কাটিয়ে উঠেছে দলটি। তবু ব্যাকলাইনের এমন ভঙ্গুরতা নিয়ে লা লিগায় কোনোমতে পার পাওয়া গেলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে (ইউসিএল) বড় পরীক্ষায় যে কঠিন চ্যালেঞ্জে পড়তে হবে, তা স্পষ্ট।

ম্যাচের শুরুতেই ভিয়ারিয়ালের গতি ও আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলে বার্সেলোনা। প্রথম ছয় মিনিটেই ট্রেজন বুখানন ও তানি ওলুওয়াসেইয়ের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। প্রথমার্ধে পেনাল্টি মিসের হতাশাও সঙ্গী হয়। তবে বিরতির পর ছন্দ বদলায় ম্যাচের।

৫৭ থেকে ৬৭ মিনিটের মধ্যে মাত্র দশ মিনিটের ব্যবধানে জেরার্ড মার্টিন, ফেরমিন লোপেস এবং প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বার্সা। আক্রমণের ধার ও দ্রুত ছন্দ ফেরানোর ক্ষমতা এই জয়ের পথে বড় শক্তি হয়ে দাঁড়ায়।

মৌসুমের মাঝামাঝি এই সময়ে প্রতিটি পয়েন্টই শিরোপা লড়াইয়ের জন্য নির্ণায়ক। ভিয়ারিয়ালের বিপক্ষে পয়েন্ট হারালে লিগ টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হওয়ার ঝুঁকি তৈরি হতো, যা মানসিক ও কৌশলগতভাবে দলকে আরও চাপে ফেলত।

দ্বিতীয়ার্ধের প্রত্যাবর্তনে সেই বিপদ আপাতত এড়ানো গেছে। কিন্তু ঘরোয়া লিগে আক্রমণের জোরে এমন ভুল ঢেকে ফেলা গেলেও চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে একই চিত্র কঠিন মাশুল ডেকে আনতে পারে। ইউরোপের শীর্ষ পর্যায়ে প্রতিপক্ষের সামান্য সুযোগও ম্যাচের ফল বদলে দিতে যথেষ্ট, যা পিএসজি ম্যাচেই প্রমাণিত হয়েছে।

বরাবরের মতোই এবারও বার্সেলোনার সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা রক্ষণভাগ। শুরুতেই দুই গোল খাওয়ার ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ব্যাকলাইনের অস্থিরতা। বর্তমান রক্ষণভাগে পাউ কুবার্সি ছাড়া নিয়মিত ও স্থায়ী ভরসার মতো কাউকে পাওয়া যাচ্ছে না। টানা ম্যাচ খেলায় তরুণ এই ডিফেন্ডারের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। অথচ আজ তাকে ছাড়া নামতেই রক্ষণাত্মক সমন্বয় ও দৃঢ়তার জায়গায় ঘাটতি স্পষ্ট হয়ে উঠছিল।

আসন্ন শীতকালীন ট্রান্সফারে বার্সেলোনার ভাবনায় নম্বর নাইন বা স্ট্রাইকার খোঁজার চেয়ে একজন মানসম্পন্ন সেন্টার ব্যাক যুক্ত করাই বেশি জরুরি। আক্রমণে গোল করার মতো বিকল্প ও সামর্থ্য দলে রয়েছে। গোল পাওয়া নিয়ে খুব একটা দুশ্চিন্তার কারণ নেই। আসল সমস্যা তৈরি হচ্ছে গোল হজমে। তাই রক্ষণভাগের শূন্যতা পূরণ করে ব্যাকলাইনকে শক্তিশালী করাই হতে পারে মৌসুমের বাকি অংশে বার্সেলোনার সবচেয়ে বড় ও সময়োপযোগী পদক্ষেপ।

লেখক পরিচিতি

স্বপ্নীল ভূঁইয়া

সাব এডিটর

ব্যর্থতার বৃত্তে বন্দী মুমিনুল!

দক্ষিণ আফ্রিকার মাটিতে মুমিনুল হক সৌরভের ব্যাট যেন রানের চেয়ে হতাশারই জন্ম দিতে শিখেছে। নয় বছর ধরে পরিসংখ্যানের খাতায় জমেছে ব্যর্থতার পাল্লা। ২০১৭ সালে পচেফস্ট্রুমে ১৫০ বলের ইনিংসে ১২টি চারের সাহায্যে ৭৭ রান করেছিলেন মুমিনুল হক। প্রোটিয়াদের দুর্গেও নিজের সামর্থ্যের পতাকা ওড়াতে পারবেন এই বাঁহাতি ব্যাটার। এমন ইনিংসের পর বরং এই আশা করাটাই যৌক্তিক! কিন্তু সেই আশার প্রদীপ যেন সেখানেই নিভে গেছে। এরপর দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও নয় ইনিংস খেলেছেন। তার সংগ্রহ মাত্র ২৯ রান! ১০ ইনিংসে ১০৬ রান, ব্যাটিং গড় ১০.৬০! একটি ইনিংসের ঔজ্জ্বল্য, আর বাকি সময়জুড়ে ব্যর্থতা। এমন পরিসংখ্যান যেকোনো ব্যাটারের জন্যই ভয়াবহ!

Share via
Copy link