ভারতের জয়ের স্বপ্ন ভেঙে অবিশ্বাস্য ধৈর্য দেখিয়ে ওয়েলিংটন টেস্ট ড্র করল নিউজিল্যান্ড! ড্রিংকস ব্রেকের আগে হয়তো আরও কিছুক্ষণ খেলা চলার কথা ছিল। কিন্তু ড্যারিল মিশেল ভারতের অধিনায়ক শুভমান গিলের দিকে হাত বাড়িয়ে দিলেন হ্যান্ডশেকের জন্য। গিলও সেই হাত গ্রহণ করলেন। তাতেই শেষ, প্রথম টেস্ট! ৭২০ রানের পাহাড় গড়েও জয় পাওয়া হলো না ভারতের, আর নিউজিল্যান্ডের অবিশ্বাস্য ধৈর্যে ম্যাচ শেষ হলো অমীমাংসিতভাবে!
প্রথম ইনিংসে এমন বিশাল সংগ্রহ দাঁড় করানোর পর ভারতের জয় অনেকটাই প্রত্যাশিত ছিল। ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিউজিল্যান্ডকে চাপে ফেলার সব আয়োজনই করেছিল তারা। কিন্তু পঞ্চম দিনের গল্পটা লিখল স্বাগতিকরা।
যদিও পঞ্চম দিনের শুরুতে টপাটপ উইকেট তুলে নেয় সফরকারীরা। মনে হচ্ছিল ম্যাচ বুঝি খুইয়ে বসবে নিউজিল্যান্ড। সবই ছিল ভারতের পক্ষেই। তবে পঞ্চম দিনে সারাটা সময় ব্যাট করে নিউজিল্যান্ড দেখিয়েছে টেস্ট ক্রিকেটের আসল সৌন্দর্য।

স্বাগতিকরা যেন মাত্র একটি পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছিল, আর তা হলো শুধু ঠেকানো, ঠেকানো আর ঠেকানো। জয়ের লক্ষ্যে ভারতের সব আশা নিভিয়ে দিতে ড্যারিল মিশেল ও গ্লেন ফিলিপস ২৫৯ বলে ৬৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।
পিচও নিউজিল্যান্ডের এই পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়ায়নি। পঞ্চম দিনে খুব বেশি ভাঙন, অসম বাউন্স কিংবা ভয়ংকর টার্ন ছিল না। সকালের বাতাস ও মেঘলা আবহাওয়ায় ভারত কিছুটা সুবিধা পেলেও, দিনের পরের ভাগে ব্যাটারদের জন্য পরিস্থিতি তুলনামূলক সহজ হয়ে আসে।
ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল নিউজিল্যান্ডের মানসিকতা। এত বড় লক্ষ্য সামনে, যা নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের সংগ্রগের দ্বিগুণেরও একটু বেশি! লিড নেওয়া দূরে থাক, আশেপাশে যাওয়াও যেন পর্বতসম ছিল। প্রতিপক্ষের জয়ের তাড়া, অথচ তারা নিজেদের পরিকল্পনা থেকে সরে যায়নি। টেস্ট ক্রিকেটে কখন আক্রমণ করতে হবে আর কখন শুধু টিকে থাকতে হবে, সেই বোধটাই যেন ম্যাচ বাঁচানোর মূল চাবিকাঠি হয়ে উঠল!












